spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সালমানের সিনেমা নিয়ে আইনি লড়াই তুঙ্গে

জেড নিউজ ডেস্ক :

কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে ঘিরে নির্মিত সিনেমা ‘কালা হিরাণ: ব্যাটল ফর লিগ্যাসি’ নিয়ে আইনি লড়াইয়ে নতুন মোড় এসেছে। ছবিটির মুক্তি ও প্রচার বন্ধের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বলিউড তারকা সালমান খান। এবার সেই মামলা শুনতে দিল্লি হাই কোর্টের বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেমাটির প্রযোজক অমিত জানি। প্রযোজকের দাবি, মামলাটি শুনে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার দিল্লি হাই কোর্টের নেই। তাই সালমানের করা আবেদন খারিজ করা উচিত। তাঁর আইনজীবী আদালতে যুক্তি দেন, সালমান মুম্বাইয়ে বসবাস করেন, আর অমিত জানির বাস উত্তর প্রদেশের মিরাটে। তাঁদের কেউই দিল্লিতে বসবাস করেন না কিংবা সেখানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন না। শুধু দিল্লিতে সিনেমাটির টিজার, পোস্টার ও প্রচারসামগ্রী প্রকাশের কারণে আদালতের বিচারিক এখতিয়ার প্রতিষ্ঠিত হতে পারে না।

শুক্রবার বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ প্রযোজকের আবেদনের বিষয়ে সালমানের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করেন। আগামী ১৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সালমানের অভিযোগ, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলা ও তাঁর জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে তাঁর নাম, চালচলন, বাচনভঙ্গি এবং অভিনীত জনপ্রিয় সিনেমার আবহ অনুকরণ করা হয়েছে।

অভিনেতার দাবি, হরিণ শিকারসংক্রান্ত চারটি মামলার তিনটিতে তিনি খালাস পেয়েছেন। সংশ্লিষ্ট আপিলগুলো রাজস্থান হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারাধীন। এ অবস্থায় সিনেমায় বিচারপ্রক্রিয়াকে নাটকীয়ভাবে তুলে ধরা হলে নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন হতে পারে বলে আশঙ্কা তাঁর। টিজারে তাঁকে অপরাধী হিসেবে উপস্থাপনের ইঙ্গিত রয়েছে বলেও অভিযোগ করেছেন সালমান। এখন মামলাটি কোন আদালতে চলবে, তা নির্ধারণে আগামী শুনানির দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়