spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলায় নিহত ৩

জেড নিউজ ডেস্ক:

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে।

একই সময়ে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হয়েছে। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

আর আবহা বিমানবন্দরের স্থাপনায় হামলায় নিহত হয়েছেন দুজন এবং আহত হয়েছেন ২৮ জন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাগুলোর একটি বুধবার এবং অন্যটি মঙ্গলবার হয়েছে।

তবে কোন হামলাটি কোন দিনে হয়েছে, তা তারা জানায়নি। সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের বিরুদ্ধে লড়াই করছে।

তারা পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে জোটটি জানায়, তারা সাদা, হোদেইদাহ, জাওফ ও মারিব প্রদেশে হুতিদের ৮০টির বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। বুধবার বিমান চলাচল অবকাঠামো লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার মধ্যে সৌদি বিমানবন্দরে হামলাও ছিল।

এর আগে বুধবার হুতিরা ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে হামলা চালায় বলে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়টি জানায়, কায়রো থেকে একটি ফ্লাইট অবতরণের কয়েক মিনিট আগে একটি ক্ষেপণাস্ত্র রানওয়ের কাছে গিয়ে পড়ে। হুতিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের অংশের জন্য এ বিমানবন্দরটি প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার।

সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে লড়াইয়ের মূল কেন্দ্র হয়ে উঠেছে বাব আল-মান্দাব প্রণালীর আশপাশের এলাকা। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটির গুরুত্ব আরও বেড়েছে।

চলতি সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী প্রণালীর কাছে এবং মোখা শহরের আশপাশের কৌশলগত এলাকা পুনর্দখলে পাল্টা অভিযান শুরু করেছে। গত সেপ্টেম্বরে এসব এলাকা হুতিরা দখল করেছিল। তবে সরকারি বাহিনীর অগ্রযাত্রা কতটা ধরে রাখা যাবে, তা স্পষ্ট নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়