২৬/০৪/২০২৬, ১৬:১১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বদহজম প্রতিকারে মাটি খায় জিব্রাল্টার প্রণালির বানর

    জেড নিউজ ডেস্ক :

    প্রকৃতির কোলে বেড়ে ওঠা বন্যপ্রাণীরা অসুস্থ হলে নিজেরাই খুঁজে নেয় নিজেদের ওষুধ। জিব্রাল্টারের বিখ্যাত ‘বার্বারি ম্যাকাক’ বানরদের ক্ষেত্রেও তেমনই এক বিস্ময়কর ঘটনা লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। পর্যটকদের দেয়া আধুনিক জাঙ্ক ফুড খেয়ে যখন তাদের হজমে গোলমাল দেখা দেয়, তখন সে যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা বেছে নেয় মাটিকে।

    সম্প্রতি ইউনিভার্সিটি অব কেমব্রিজের এক গবেষণায় উঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য। ড. সিলভাইন লেমোইন জিব্রাল্টারের রক এলাকায় বানরদের আচরণের ওপর দীর্ঘ দুই বছর (২০২২-২৪) নজরদারি চালিয়ে দেখেন, যে দলগুলো পর্যটকদের সংস্পর্শে বেশি আসে, তাদের মধ্যে মাটি খাওয়ার প্রবণতা অন্যদের চেয়ে অনেক বেশি। বিশেষ করে ছুটির মৌসুমে যখন পর্যটকদের আনাগোনা বাড়ে এবং বানরদের জাঙ্ক ফুড খাওয়ার সুযোগ বাড়ে, তখনই তারা সবচেয়ে বেশি মাটি খায়।

    বিজ্ঞানীদের মতে, চিপস, চকলেট বা আইসক্রিমের মতো চিনি ও লবণযুক্ত উচ্চ ক্যালোরির খাবারগুলো বানরদের পেটের প্রাকৃতিক মাইক্রোবায়োম বা উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করে। মাটি বা কাদা খাওয়ার ফলে তা পাকস্থলীতে একটি প্রাকৃতিকভাবে প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা অম্লতা কমিয়ে হজমপ্রক্রিয়াকে স্বাভাবিক করতে সাহায্য করে।

    গবেষণায় দেখা গেছে, এ ম্যাকাকগুলোর মোট খাদ্যের প্রায় ২০ শতাংশই আসে পর্যটকদের কাছ থেকে। যদিও স্থানীয় প্রশাসন তাদের প্রতিদিন টাটকা ফল, সবজি ও বীজ সরবরাহ করে, তবুও পর্যটকরা লুকিয়ে তাদের বিস্কুট, কোকা-কোলা এমনকি চকোলেট বারও দিয়ে থাকেন। ড. লেমোইন জানান, “পর্যটকদের দেয়া খাবারের তালিকায় আইসক্রিম অন্যতম। তারা বিশেষ করে ম্যাগনাম বা করনেটো আইসক্রিম খুব আগ্রহ নিয়ে খায়।”

    মজার বিষয় হলো, শীতকালে যখন পর্যটকের ভিড় কমে যায়, তখন বানরদের মধ্যে জাঙ্ক ফুড খাওয়ার হার ৪০ শতাংশ কমে আসে। একই সঙ্গে পাল্লা দিয়ে তাদের মাটি খাওয়ার প্রবণতাও ৩০ শতাংশের বেশি হ্রাস পায়।”

    পর্যটকদের আনন্দের জন্য দেয়া এ সাময়িক খাবার আসলে বন্যপ্রাণীদের জীবনচক্রে মারাত্মক ভারসাম্যহীনতা তৈরি করছে। জিব্রাল্টারে পর্যটকদের জন্য বানরদের খাওয়ানো নিষিদ্ধ থাকলেও তার প্রয়োগ খুব একটা দেখা যায় না।

    টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রাইমেট বিশেষজ্ঞ ড. পলা পেবওয়ার্থ জানান, “জাপানের আরাশিয়ামা মাঙ্কি পার্কেও একই ধরনের আচরণ দেখা গেছে। তবে মাটি খাওয়ার চেয়ে পর্যটকদের এ খাবার দেয়া বন্ধ করাই হবে বানরদের সুস্বাস্থ্যের জন্য সবচেয়ে কার্যকর সমাধান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়