জেড নিউজ, ঢাকা:
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। গত তিন দিনে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেত্রীরা। রোববার মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন থাকলেও এই সময়ের মধ্যে ৯ শতাধিক ফরম জমা পড়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবারও মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।
বিএনপির দপ্তর সূত্রে জানা যায়, গত তিন দিনে ১২ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ফরম পূরণ করে জমা দিয়েছেন ৯ শতাধিক নেত্রী। আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়ার কথা থাকলেও এদিন রাত ৯টা পর্যন্ত জমা নেন দায়িত্বে থাকা ব্যক্তিরা।
এদিকে পূর্বঘোষণা অনুযায়ী ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেয় বিএনপি। এতে রাজধানীসহ সারাদেশ থেকে আসা দলীয় নেত্রীর পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পী, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশা মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দীর্ঘদিনের ত্যাগী হেভিওয়েট নেত্রীর পাশাপাশি কাঙ্ক্ষিত মনোনয়নপ্রত্যাশীর তালিকায় রয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত মুখ। বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা নেই, এমন অনেকের মনোনয়ন ফরম জমা দেওয়া নিয়ে নেতাকর্মীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। ত্যাগী নেত্রীরা বলছেন, আন্দোলনের কঠিন সময়ে যারা রাজপথে ছিলেন, তাদের উপেক্ষা করা হলে সংগঠনের ভিত দুর্বল হতে পারে।
এদিকে রোববার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের মনোনয়ন প্রক্রিয়ায় এবার সংগঠন করার দক্ষতা, মেধা ও মননশীলতা– সব মিলিয়ে প্রার্থী নির্বাচন করা হবে। দলে সেলিব্রিটি আসা অস্বাভাবিক নয়। তবে তাদের প্রতি অসম্মানজনক আচরণ গ্রহণযোগ্য নয়। বিশ্বের বহু দেশে সেলিব্রিটিরা রাজনীতিতে আসেন।
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের রাজনীতিতে সক্রিয় না হলেও একজন বড় শিল্পীর রাজনৈতিক সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি প্রশ্ন রাখেন, সবাইকে কি রাস্তায় নেমে আন্দোলন করতে হবে? একজন বিখ্যাত শিল্পী যদি দলের পক্ষে অবস্থান নেন, সেটাও বড় অবদান। কিছু ক্ষেত্রে সেলিব্রিটি প্রার্থীর সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে, যা দলে গ্রহণযোগ্য নয়।



