০৬/০৪/২০২৬, ২০:১২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি বন্ধে আইন হালনাগাদ হচ্ছে: শিক্ষামন্ত্রী

    জেড নিউজ, ঢাকা:

    পাবলিক পরীক্ষায় নকল ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন হালনাগাদ করে আরও কঠোর করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ইতিমধ্যে আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে, তবে কিছু দুর্বলতা থাকায় তা পুনরায় আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

    আজ সোমবার দুপুরে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা জানান।

    মন্ত্রী বলেন, ‘একটি আইন ছিল ১৯৮০ পাবলিক পরীক্ষা অ্যাক্ট। ওই আইন দিয়ে আমি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত নকল প্রতিরোধ করেছিলাম। ক্লিয়ার? এখন মানুষ স্মার্ট হয়ে গেছে। এখন ডিজিটাল অনলাইন শুরু হয়ে গেছে। ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই আইনটা করেছিলেন তখন কি ডিজিটাল অনলাইন ছিল?’‎

    মন্ত্রী বলেন, ‘তাহলে ডিজিটাল এটাতে ইনক্লুড করতে হবে। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিন্তা করে নাই যে পলিটিশিয়ানরা আর শিক্ষকরা মিলে এই শিক্ষাব্যবস্থাকে এই অবস্থা করবে। সেই জন্য ওই ধরনের আইন ছিল না। এখন আমি এসেই এই আইন পরিবর্তনের জন্য অলরেডি ক্যাবিনেটে উঠিয়েছি। আইনের ড্রাফটের মধ্যে কিছু দুর্বলতা ছিল বলে এটাকে আবার আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছে। এখানে ডিজিটাল অ্যাক্ট ইনক্লুড করা হয়েছে।’‎

    শিশুদের ডিজিটাল এডুকেশনে অভ্যস্ত করতে হবে বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রী বলেন, ‘ডিজিটাল এডুকেশনে আমাদেরকে এডমিয়েন্টেড করতে হবে। তাদেরকে অভ্যস্ত বানাতে হবে। এর কোনো বিকল্প নাই। কারণ এডুকেশন যে গ্লোবাল কমিউনিটি।’‎

    একদিন অনলাইন একদিন অফলাইন ক্লাসের বিষয়ে মন্ত্রী বলেন, ‘একদিন অনলাইনে শিখল, আরেকদিন অফলাইন আপনাকে স্কুলে আসতে হলো। করোনার সময় আমরা দেখেছি বাচ্চারা আন সোশ্যাল হয়ে গিয়েছে। আমরা সেটাও করছি না। আসো স্কুলে একদিন, আরেকদিন তুমি বাসায় থাকো। এইভাবে তাদের আমরা সেটা করছি।’

    নতুন আইনে পাবলিক পরীক্ষার সংজ্ঞা বদলে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘এবার আমি পাবলিক পরীক্ষার ডেফিনেশন পাল্টিয়েছি। এনি এক্সামিনেশন কন্ডাক্টেড বাই এনি গভর্নমেন্ট অথোরিটি, এনি পাবলিক অথোরিটি, এনি সিভিল অথোরিটি অল আর পাবলিক এক্সামিনেশন। তার মানে নকল শুধু আমার স্কুলে হবে, কলেজে হবে তা না, কোথাও হতে পারবে না।

    আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে খাতা মূল্যায়নেও কঠোরভাবে নিয়ম অনুসরণের শিক্ষকদের নির্দেশনা দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’‎

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়