জেড নিউজ, ঢাকা।
‘হঠাৎ’ জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় আগে সারাদিনে পাম্পগুলো যে পরিমাণ তেল বিক্রি করত তা তিন ঘন্টাতেই শেষ হয়ে যাচ্ছে। এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, “হঠাৎ করে এমন ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারাদিনে যে তেল বিক্রি করত, সেই তেল ৩ ঘণ্টায় সে শেষ করে ফেলছে। ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে তো।”
সারাদিনে তেলের চাহিদা কতটুকু জানতে চাইলে এ বিষয়ে তা কাছে ‘হিসাব নাই’ বলে মন্তব্য করেছেন তিনি।
ঈদের ছুটি শেষে মঙ্গলবার প্রথম কার্যদিবসে সচিবালয়ে ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি তেলের সংকট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জ্বালানি মন্ত্রী।
ঈদের আগে জ্বালানি তেল দেওয়ার ক্ষেত্রে রেশনিং তুলে দেওয়ার পর পরিস্থিতির একটু উন্নতি হলেও ঈদের দিন রাতে থেকেই তা আরও নাজুক হয়ে পড়েছে।
সরবরাহ সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দিন-রাত গাড়ির দীর্ঘ সারি আরও দীর্ঘ হচ্ছে। তেল না পেয়ে ফিরেও যেতে হচ্ছে অনেক গাড়ি চালককে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন পাম্পের কর্মীরা। তেল নিতে আসা ব্যক্তিদের সঙ্গে শোরগোল, কথা কাটাকাটির মত ঘটনা ঘটছে প্রায়ই।



