পটুয়াখালী প্রতিনিধি:
স্কোপলামিন বা কথিত ’শয়তানের নিশ্বাস’ব্যবহার করে মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা মাইনুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউপির বগুড়া এলাকার নিজ বাড়ি থেকে সোমবার (৬ মার্চ) মধ্যরাতে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
গত রোববার বাউফল বাজার এলাকায় উপজেলার কালাইয়া ইউপির এক মহিলাকে অচেতন করে ২ লাখ টাকা ও স্বার্নালংকার লুট করে চক্রটি। পরে জ্ঞান ফিরলে ওই মহিলা বাউফল থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক ইব্রাহিম তদন্ত শুরু করেন।
বিভিন্ন তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে মাইনুল ইসলামের পরিচয় নিশ্চিত করে পুলিশ। পরে সোমবার মধ্যরাতে মাইনুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তারা। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রাম থেকে আবদুস সত্তার(৬৩), স্ত্রী হাসিনা(৫৫) ও কাশেম (৪৫) নামের একই চক্রের আরও ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম রাজ্জাক বলেন, এই চক্রটি স্কোপোলামিন নামের একটি বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে মানুষের চেতনাশক্তি দুর্বল করে তাদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতো। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃত মাইনুল ইসলামকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



