জেড নিউজ, ঢাকা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের স্বত্বাধিকারী কাজী জাফর উল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদক মামলাটি দায়ের করেছে। তদন্ত কার্যক্রম চলমান।
মামলার এজাহার অনুযায়ী, কাজী জাফর উল্লাহ দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের তৎকালীন কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগসাজশে ভুয়া নাম ও পরিচয়পত্র ব্যবহার করে ১০টি এফডিআর হিসাব খোলেন এবং এসব হিসাবে ৪ কোটি ১৪ লাখ টাকা জমা করেন। পরে হিসাব বিকৃতির মাধ্যমে অতিরিক্ত ৪২ লাখ ৭ হাজার ৫০০ টাকা সুদ গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তাধীন।
দুদকের উপপরিচালক শারিকা ইসলাম আদালতে করা আবেদনে উল্লেখ করেন, আসামি বর্তমানে অন্য একটি ফৌজদারি মামলায় জেলহাজতে আটক। তাই এ মামলায় তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
কাজী জাফর উল্লাহ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।
দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো কাজী জাফর উল্লাহকে



