ইবি প্রতিনিধি:
মাত্র সাত দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত প্রায় ১০০০ কিলোমিটার সাইকেলিং করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মানিক রহমান।
গত ২০ অক্টোবর সোমবার সকালে তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু করে ২৬ অক্টোবর রবিবার বিকালে টেকনাফ পৌঁছান তিনি। মানিক বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর মাধ্যমে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।
মানিক রহমান এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে নীলফামারী ৩৩০ কিলোমিটার, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৪১৮ কিলোমিটার সাইকেলিং করেছেন।
সাইকেলিং ছাড়াও তিনি ম্যারাথন অনুশীলন করেন। অগ্নিসংযোগ সচেতনতায় ৫ কিলোমিটার মিনি ম্যারাথনে ১ম স্থান, ২৬ মার্চ ২৬ কিলোমিটার নাইট ম্যারাথনে ২য় স্থান, আবরার ফাহাদ স্মৃতি ৭.৫ কিলোমিটার মিনি ম্যারাথনে ৪র্থ স্থান এবং ওয়ামি বাংলাদেশের ২ কিলোমিটার ফান রানে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।তেতুলিয়া টেকনাফ সাইক্লিংয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক কে. এম. শরফুদ্দিন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলীমুজ্জামান টুটুলসহ কয়েকজন শিক্ষার্থী সহযোগীতা করেন।
সাইকেলিং শেষে মানিক বলেন, মাত্র সাত দিনে তেঁতুলিয়া থেকে টেকনাফ সাইকেলিং সম্পূর্ণ করেছি। আমার এ যাত্রার মূল উদ্দেশ্য ছিল দেশবাসীর কাছে তিস্তার পাড়ের মানুষদের দুরবস্থা তুলে ধরা। যাত্রাপথে কারো সাথে কথা বলার সুযোগ পেলেই তিস্তার পাড়ের মানুষদের দুরবস্থা শেয়ার করেছি।
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. শরফুদ্দিন বলেন, একদিন ক্লাস চলাকালীন সময়ে মানিক জানায়, সে সাইকেলিং করে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাচ্ছে। শুনে আমার কাছে ভালো লাগলো। তাকে আমি যেকোন প্রয়োজনে জানানোর জন্য বলি। পরে সে আমার সাইকেলটি চাইলে আমি খুব আগ্রহের সাথে তাকে দেই। যাতে তার এ চমৎকার যাত্রায় আমার এ সাইকেলটিই তার সঙ্গী হতে পারে।



