যুক্তরাষ্ট্রে সম্প্রতি ‘গ্যালাক্সি জেড ট্রাই-ফোল্ড’ স্মার্টফোন উন্মোচন করছে স্যামসাং। কোম্পানির সবচেয়ে উচ্চাভিলাষী ডিভাইসটি বাজারে আসার মাত্র ২০ মিনিটের মধ্যেই পুরোপুরি ‘সোল্ড আউট’ বা বিক্রি হয়ে গেছে।
তিনটি প্যানেল বিশিষ্ট ফোনটি দুইবার ভাঁজ খোলা যায়, যা উন্মোচিত হয়ে একটি ১০-ইঞ্চির বিশাল ট্যাবলেটের অভিজ্ঞতা দেয়। তবে এর দাম প্রায় ২ হাজার ৮৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকার বেশি)। ডিভাইসটি স্যামসাংয়ের বর্তমান ফ্ল্যাগশিপ ‘গ্যালাক্সি জেড ফোল্ড-৭’-এর তুলনায় প্রায় ৯০০ ডলার বেশি দামি।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাই-ফোল্ড ফোনটি অন্য কোনো অনলাইন শপ বা মোবাইল অপারেটরের কাছে পাওয়া যাচ্ছে না। এটি শুধু স্যামসাংয়ের অফিসিয়াল অনলাইন স্টোর এবং নির্দিষ্ট কিছু ‘স্যামসাং এক্সপেরিয়েন্স স্টোর’ থেকে কেনা যাচ্ছে। তবে ঠিক কতগুলো ইউনিট বাজারে ছাড়া হয়েছিল তা এখনও জানায়নি দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। ফলে ফোনটির প্রকৃত বাজার চাহিদা নির্ভুলভাবে নিরূপণ করা কঠিন
নতুন গ্যালাক্সি জেড ট্রাই-ফোল্ডকে কেবল একটি স্মার্টফোন নয়, বরং একটি ‘কালেক্টরস আইটেম’ বা সংগ্রহযোগ্য শৌখিন পণ্য হিসেবে তুলে ধরছে স্যামসাং। সাধারণ ফোনের মতো এতে অনেক রঙের ছটা বা স্টোরেজের ভিন্নতা রাখা হয়নি। ফোনটি বাজারে আনা হয়েছে মাত্র একটি রঙ ‘ক্র্যাফটেড ব্ল্যাক’ এবং ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে।



