জেড নিউজ, ঢাকা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা ও মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইরানের সাম্প্রতিক ঘটনাবলির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
এছাড়া বৈঠকে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক বেশ কিছু ফ্লাইট বাতিল হওয়ায় সৃষ্ট পরিস্থিতিও গুরুত্ব পায়। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকে পড়া যাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।


