জেড নিউজ স্পোর্টস
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল করা হয়েছে। আবুধাবিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি ছিল ইংল্যান্ড লায়ন্স ও পাকিস্তান শাহিন্সের পাঁচ ম্যাচের ৫০ ওভারের সিরিজের অংশ।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সামরিক ঘটনার প্রেক্ষাপটে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডটি যুক্তরাজ্য সরকার ও নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের পরামর্শ অনুসরণ করছে।
আজ রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচটি। তবে অঞ্চলজুড়ে নিরাপত্তা শঙ্কা বৃদ্ধি পাওয়ায় ম্যাচটি আর মাঠে গড়ায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরবর্তী সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, তারা সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে যাতে বড় ধরনের প্রভাব না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল



