২১/০৩/২০২৬, ১৪:৫৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বিশ্বকাপ বয়কট নিয়ে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পিসিবি চেয়ারম্যান

    জেড নিউজ:
    টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশের অংশগ্রহণ বাতিল করে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না তা নিয়ে আলোচনা তীব্র আকার ধারণ করেছে।

    পাকিস্তান অবজারভার জানিয়েছে, এই প্রেক্ষাপটে আজ সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও পরামর্শ করা হবে বলে জানা গেছে। ফেডারেল তথ্য প্রতিমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্তে সরকার সরাসরি যুক্ত থাকবে এবং সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জনগণকে জানানো হবে।

    এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে নীতিগত বলে উল্লেখ করে তাদের প্রতি সমর্থন জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি আইসিসির সিদ্ধান্তকে দ্বৈত মানদণ্ডের উদাহরণ হিসেবে আখ্যা দেন এবং বলেন, ক্রিকেটকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা কারো জন্যই মঙ্গলজনক নয়।

    মহসিন নাকভি আরও বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির চেয়ে পাকিস্তান সরকারের কাছে বেশি জবাবদিহি করে। তাই বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের হাতেই রয়েছে।

    উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করেছিল। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে।

    এই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনা চলছে, বাংলাদেশকে বাদ রাখার সিদ্ধান্ত বহাল থাকলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে।

    আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়