মুন্সিগঞ্জ প্রতিনিধি:
প্রাচীন আমল থেকে খাঁটি দুধের মাঠার জন্য বিখ্যাত মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর। বিগত কয়েক যুগ ধরে দেশব্যাপী সুখ্যাতি ছড়িয়েছে আলদি মাঠা।
ভোরের আলো ফোটার আগে থেকেই মানুষ ভিড় করতে শুরু করেন মুন্সিগঞ্জের আলদি বাজারের মাঠা কিনতে। এখানে মাঠা বিক্রি হয় ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত। সেই অনুযায়ী পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। আলদি বাজারে ৮-১০ জন ব্যবসায়ী নিয়মিত মাঠা বিক্রি করলেও খ্যাতি পেয়েছে কমল ঘোষের মাঠা।
দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন মাঠাপিপাসুরা। অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষার পর মাঠা সংগ্রহ করেন অনেকে। কেউ আবার বোতলভর্তি করে নিয়েও যাচ্ছেন পরিবার পরিজনদের জন্য। এখানে প্রতি লিটার মাঠা বিক্রি হচ্ছে ১২০ টাকা এবং প্রতি গ্লাস ২৫ টাকা হিসাবে।
আলদি বাজারের মাঠার খ্যাতি ছড়িয়ে দিয়েছেন কমল ঘোষ। তিনি এখানে মাঠা বিক্রি করছেন ৩০ বছর ধরে। খাঁটি দুধে টক দই, বরফ, লবণ আর সামান্য চিনি মিশিয়ে নিজ হাতে তৈরি করেন মাঠা।
তিনি জানান, তার তৈরি মাঠার ব্যাপক চাহিদা বাড়ছে। প্রতিদিনই প্রচুর পরিমাণে বিক্রি করেন। এখানে মাঠা খেতে কুমিল্লা,গাজীপুর, রাজশাহী, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে লোকজন আসেন প্রতিনিয়ত।



