১০/০৩/২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বাউফলে পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা: মানববন্ধন ও সংবাদ সম্মেলন

    বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

    পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে জমি দখল ও বাড়িঘর পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে একই পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। একদিকে স্থানীয় হিন্দু–মুসলিম পরিবারের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে, অন্যদিকে অভিযুক্ত পক্ষ সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেছে।

    বুধবার (৪ মার্চ) দুপুরে বাউফল সম্মেলন এলাকার সংলগ্ন স্থানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় হারুন মৃধা দীর্ঘদিন ধরে বসতভিটা ও কৃষিজমি দখল করে আসছেন। তার ভয়ে কয়েকটি পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলেও দাবি করা হয়। এ সময় বিভা রানী, কল্পনা রানী ও আল আমীন মৃধাসহ কয়েকজন বক্তব্য দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

    অপরদিকে একই দিন বিকেলে ৫টায় বাউফল উপজেলা হাসপাতাল রোডে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হারুন অর রশিদের পরিবার। লিখিত বক্তব্যে হারুন অভিযোগ করেন, তার ছোট ভাই আল আমীন পরিকল্পিতভাবে মানববন্ধনের আয়োজন করেছেন। তিনি দাবি করেন, সম্প্রতি ঘুচর কাটিগ্রামে তাদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে আড়াল করতেই এ কর্মসূচি সাজানো হয়েছে। নিজের দখলে থাকা জমির বৈধ দলিলপত্র রয়েছে বলেও জানান তিনি।

    সংবাদ সম্মেলনে হারুনের মা অভিযোগ করেন, পরিবারের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে আদালতে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

    এদিকে পরস্পরবিরোধী অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে প্রশাসনের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়