পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নকল স্টাম্প ও সিল ব্যবহার করে জাল দলিল তৈরির অভিযোগে মো. তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানুর রহমান মিলু।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একটি কম্পিউটার দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে হাতে–নাতে আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম নওমালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলতাফ মাতুব্বরের ছেলে।
প্রশাসন জানায়, তরিকুল নকল স্ট্যাম্প ও সিল ব্যবহার করে বিভিন্ন ধরনের জাল কাগজপত্র তৈরি করছিলেন। এটি সরকারি কার্যক্রমে বাঁধা এবং প্রতারণার গুরুতর অপরাধ হওয়ায় মোবাইল কোর্ট তাৎক্ষণিক দণ্ড প্রদান করে।
অভিযানের অংশ হিসেবে একই সময় পৌর বাজারের একটি মিষ্টির দোকানে আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের টিম।
এ ধরনের অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। প্রশাসনের এই তৎপরতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং ডিজিটাল জালিয়াতি ও ভেজাল ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের একটি বার্তা পৌঁছে গেছে বলে মনে করছেন সচেতন মহল।



