জেড নিউজ ডেস্ক।
যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। ইরান মূলত সংযুক্ত আরব আমিরাতের পরিবহন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার ঘটনায় আগুন লাগার পর সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। ড্রোন হামলায় ওই অঞ্চলটির অন্যতম বড় তেল সংরক্ষণ কেন্দ্র ফুজাইরাহ বন্দরেও আগুন লাগে। খবর বিবিসির
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উপকণ্ঠে একটি গাড়িতে রকেট হামলায় একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন বলে শহরটির মিডিয়া অফিস জানিয়েছে।
ইরান পাল্টা হামলা শুরু করার পর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর একাধিকবার হামলার শিকার হয়েছে, যার ফলে বড় ধরনের বিলম্ব ও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলেও হামলা চালানো হয়।
বিবিসির এক সংবাদদাতা পডকাস্টে বলেন, সংযুক্ত আরব আমিরাত মনে করছে যে তাকে অন্যায়ভাবে এই যুদ্ধে জড়িয়ে ফেলা হয়েছে।
তিনি বলেন, ‘ইরান হয়তো মনে করছে, এই চাপ সংযুক্ত আরব আমিরাতের নেতাদের যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধ বন্ধে চাপ দিতে বাধ্য করবে। কিন্তু বাস্তবতা হলো, এখানকার কর্মকর্তারা এতে ক্ষুব্ধ।’



