জেড নিউজ ডেস্ক।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কা এবার সরাসরি লেগেছে এশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা সপ্তাহে আরও একদিন ছুটি ঘোষণা করেছে। এর ফলে দেশটিতে আপাতত সাপ্তাহিক ছুটি দাঁড়াচ্ছে তিন দিনে। শুধু শ্রীলঙ্কাই নয়, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশসহ বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয়ে নিচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এতে করে পুরো অঞ্চলে নতুন করে ব্যয়সংকোচনের বাস্তবতা সামনে এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাব মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে শ্রীলঙ্কা সপ্তাহে আরও একদিন ছুটি ঘোষণা করেছে। দেশটির সরকার জানিয়েছে, প্রতি বুধবার এখন থেকে সরকারি ছুটি থাকবে।
সোমবার জরুরি বৈঠকে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে বলেন, “আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, তবে ভালো কিছুর আশা রাখতেও হবে।”
যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে সম্ভাব্য ঘাটতির মুখে পড়েছে দেশটি।
এই প্রণালি দিয়ে আগে উপসাগরীয় অঞ্চল থেকে এশিয়ায় প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হতো। গত বছর এই পথ দিয়ে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় ৯০ শতাংশের গন্তব্যই ছিল এশিয়া।
অবশ্য যুদ্ধের পর থেকে এশিয়ার বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয়ে ব্যয়সংকোচনমূলক নানা পদক্ষেপ নিচ্ছে। থাইল্যান্ডে মানুষকে স্যুটের বদলে হাফহাতা পোশাক পরার আহ্বান জানানো হয়েছে, যাতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমে। মিয়ানমারে ব্যক্তিগত গাড়ি লাইসেন্স নম্বর অনুযায়ী একদিন পরপর চালানোর অনুমতি দেওয়া হচ্ছে।
বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর রমজানের ছুটি এগিয়ে আনা হয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ে দেশজুড়ে নির্ধারিত লোডশেডিং চালু করা হয়েছে। ফিলিপাইনে কিছু সরকারি দফতরে সপ্তাহে অন্তত এক দিন বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র অপ্রয়োজনীয় সরকারি ভ্রমণ নিষিদ্ধ করেছেন।
ভিয়েতনাম সরকার নাগরিকদের বেশি সময় বাসায় থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সাইকেল চালানো, কারপুল করা, গণপরিবহন ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে।
বিবিসি বলছে, শ্রীলঙ্কায় নতুন চার দিনের কর্মসপ্তাহ স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে স্বাস্থ্য ও অভিবাসনসহ জরুরি সেবা দেওয়া সরকারি প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের পরিবর্তে বুধবার ছুটি নির্ধারণ করা হয়েছে, যাতে টানা তিন দিন সরকারি অফিস বন্ধ না থাকে।
এছাড়া শ্রীলঙ্কায় এখন থেকে গাড়িচালকদের ‘ন্যাশনাল ফুয়েল পাস’ নিবন্ধন করতে হবে। আর এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কেনার সীমা নির্ধারণ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে কিছু মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ব্যক্তিগত গাড়ির জন্য ১৫ লিটার এবং মোটরসাইকেলের জন্য ৫ লিটার জ্বালানির কোটা খুবই কম।
এর আগে ২০২২ সালে দক্ষিণ এশিয়ার এই দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকটের সময় প্রথম এই জ্বালানি রেশনিং পদ্ধতি চালু করা হয়েছিল। তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় প্রয়োজনীয় পণ্য আমদানি এবং জ্বালানি কেনা সম্ভব হচ্ছিল না।
আর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকেই তেলের দাম বেড়ে গেছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে।



