১১/০৩/২০২৬, ১৮:৩২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    জামালপুর অর্থনৈতিক অঞ্চলে রোজিন এক্সপোর্ট ১২২ কোটি টাকা বিনিয়োগ করবে

    জেড নিউজ ডেস্ক:

    জামালপুর অর্থনৈতিক অঞ্চলে ১২২ কোটি টাকা (১ কোটি মার্কিন ডলার) বিনিয়োগ করবে রোজিন এক্সপোর্ট লিমিটেড। গড়ে তুলবে একটি আধুনিক ডেনিম পণ্য উৎপাদন কারখানা। বুধবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে প্রতিষ্ঠানটির ভূমি লিজ চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকায় বেজা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

    চুক্তি অনুযায়ী জামালপুর অর্থনৈতিক অঞ্চলে পাঁচ একর জমির ওপর কারখানাটি স্থাপন করা হবে। কারখানাটি চালু হলে প্রায় ৮০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

    ২০০৫ সালে প্রতিষ্ঠিত রোজিন এক্সপোর্ট লিমিটেড বর্তমানে নিট গার্মেন্টস পণ্য উৎপাদন ও রপ্তানিতে যুক্ত। জামালপুর জেলাতেই প্রতিষ্ঠানটির একটি কারখানা রয়েছে এবং সব মিলিয়ে প্রায় ১০ হাজার কর্মী কাজ করছেন। ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে এবার জামালপুর অর্থনৈতিক অঞ্চলে ডেনিম পণ্য উৎপাদনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

    অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, জামালপুর অর্থনৈতিক অঞ্চলে দেশীয় শিল্পগোষ্ঠীর এই ধরনের বিনিয়োগ রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিল্পায়নে ভূমিকা রাখবে।

    তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বেজা সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

    এ সময় রোজিন এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম শাহিনুজ্জামান বলেন, বেজার সহযোগিতায় জামালপুর অর্থনৈতিক অঞ্চলে আধুনিক ও পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জামালপুরে ইতিমধ্যে নিটশিল্পে দক্ষ জনশক্তি তৈরিতে তাদের প্রতিষ্ঠান কাজ করছে বলেও জানান তিনি।

    চুক্তিতে বেজার পক্ষে স্বাক্ষর করেন সরকারের অতিরিক্ত সচিব ও বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ এবং রোজিন এক্সপোর্ট লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক এস এম শাহিনুজ্জামান।

    বেজা সূত্র জানায়, জামালপুর অর্থনৈতিক অঞ্চলটি ময়মনসিংহ বিভাগের প্রথম সরকারি অর্থনৈতিক অঞ্চল। প্রায় ৪৩৬ একর জমির ওপর গড়ে ওঠা এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প স্থাপনের সুযোগ রয়েছে। জোনটি পুরোপুরি বাস্তবায়িত হলে প্রায় ৩২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

    এ পর্যন্ত এই অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২০টি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে লিজ চুক্তি হয়েছে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান শিগগির উৎপাদন শুরু করবে এবং নয়টি শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে নির্মাণাধীন রয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়