২১/০৩/২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    চোখ সুস্থ রাখতে বিশ-বিশ-বিশ নিয়ম

    ডিজিটাল যুগে চোখের ক্লান্তি দূর করতে চাই প্রতি ২০ মিনিটে ২০ সেকেন্ডের বিরতি।

    বর্তমান সময়ে ডিজিটাল যন্ত্র ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যেন কঠিন। পড়াশোনা, অফিসের কাজ, বিনোদন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ— সবই এখন স্ক্রিন-নির্ভর।

    এই অতিরিক্ত স্ক্রিন ব্যবহার নীরবে চোখের ক্ষতি করে চলেছে। দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকায় চোখে ক্লান্তি, শুষ্কতা, লালচে-ভাব, মাথাব্যথা এবং দৃষ্টি ঝাপসা হওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে।

    তবে একটু সচেতনতা ও নিয়মিত অভ্যাসের মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

    বাংলাদেশ আই হাসপাতালের কনসালট্যান্ট ‘কর্নিয়া স্পেশালিস্ট’ ও ‘ফ্যাকো সার্জন’ ডা. মোহাম্মদ রাশেদ আলম শান্তনু বলেন, “চোখ সুস্থ রাখতে সবচেয়ে সহজ ও কার্যকর পদ্ধতিগুলোর একটি হল- ২০-২০-২০ নিয়ম।”

    এই নিয়ম অনুসারে, ২০ মিনিট স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করার পর, অন্তত ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে চোখ রাখতে হবে।

    এতে চোখের ‘ফোকাসিং’ পেশিগুলো সাময়িক বিশ্রাম পায়, দৃষ্টির ওপর চাপ কমে এবং চোখ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

    দীর্ঘ সময় স্ক্রিনের খুব কাছাকাছি তাকিয়ে থাকলে চোখের পেশি সারাক্ষণ টানটান থাকে। ফলে চোখ দ্রুত শুষ্ক হয়ে যায়, জ্বালাপোড়া শুরু হয় এবং দৃষ্টি ক্লান্ত হয়ে পড়ে।

    নিয়মিত ২০-২০-২০ অভ্যাস চোখকে প্রয়োজনীয় বিরতি দেয়, যা ডিজিটাল বা ‘কম্পিউটার ভিশন সিন্ড্রোম’য়ের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা পালন করে।

    দৈনন্দিন জীবনে অনুসরণযোগ্য কিছু সহজ পরামর্শ

    রিমাইন্ডার সেট করা: কাজের ব্যস্ততায় সময় ভুলে গেলে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন, যেন প্রতি ২০ মিনিট পর চোখকে বিরতি দেওয়া হয়।

    আলোর সঠিক সমন্বয় করা: ঘরের আলো ও স্ক্রিনের ব্রাইটনেসের মধ্যে ভারসাম্য রাখুন। খুব উজ্জ্বল বা অতিরিক্ত অন্ধকার স্ক্রিন চোখের ওপর বাড়তি চাপ ফেলে।

    নিয়মিত পলক ফেলুন: স্ক্রিনে মনোযোগ বেশি থাকলে পলক ফেলার হার কমে যায়, যা চোখ শুষ্ক করে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে আই ড্রপ ব্যবহার করা উপকারী।

    দূরের দিকে তাকান: জানালা দিয়ে বাইরে বা ঘরের দূরের কোনো জায়গার দিকে তাকানো চোখের পেশিকে স্বস্তি দেয়।

    মাঝে মাঝে পুরো বিরতি নিন: সুযোগ পেলে স্ক্রিন থেকে চোখ সরিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ রাখুন, হালকা মাসাজ করুন বা চোখের ব্যায়াম করুন।

    স্ক্রিনের অবস্থান ঠিক রাখুন: চোখ থেকে ২০ থেকে ৩০ ইঞ্চি দূরে এবং চোখের সমতলের সামান্য নিচে স্ক্রিন রাখলে চোখের ওপর চাপ কম পড়ে।

    ডা. রাশেদের মতে, “প্রতিদিনের এই ছোট অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে চোখের সুস্থতা বজায় রাখতে বড় ভূমিকা পালন করতে পারে।”

    ডিজিটাল যুগে চোখ ভালো রাখতে চাইলে নিয়মিত ২০-২০-২০ নিয়ম অনুসরণ করা সহজ ও কার্যকর পন্থা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়