জেড নিউজ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন শহীদ শাহারিয়ার খান আনাসের বাবা শাহারিয়ার খান পলাশ, মা সানজিদা খান দিপ্তী ও শহীদের নানা। এদিকে, শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার এসেছেন আসামীদের বিরুদ্ধে দেয়া রায় শুনতে। সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করা হবে। প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন, ১০টা ৩০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তারা। এ মামলায় আট আসামির বিরুদ্ধে জবানবন্দিও দিয়েছেন আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ ও মা সানজিদা খান দীপ্তি। আলোচিত এ মামলার রায় প্রদানের পূর্বে শহীদ শাহারিয়ার খান আনাসের মা সানজিদা খান দিপ্তী সাংবাদিকদের বলেন, আমরা এই মামলার সকল আসামির সর্বোচ্চ শাস্তি চাই।
শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার বলেন, জুলাই আন্দোলনের ভুক্তভোগী সবাই যেনো ন্যায় বিচার পায় ট্রাইব্যুনালের কাছে আমরা এই প্রত্যাশা করি। যেনো ভবিষ্যতে কেউ আর এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।
উল্লেখ্য, পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটিই প্রথম মামলা। তবে রায়ের দিক থেকে দ্বিতীয়। এ মামলায় মোট আসামি আটজন। এর মধ্যে গ্রেপ্তার চারজন। বাকিরা পলাতক রয়েছেন।
চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে পরিবারের সদস্যরা



