০১/০৩/২০২৬, ১৫:৪৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    এশিয়া কাপ নারী ফুটবলের পর্দা উঠছে আজ, এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ

    জেড নিউজ স্পোর্টস
    এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর এশিয়া কাপ আজ থেকে শুরু হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়ায়। ১৯৭৫ সালে যাত্রা শুরু করা এই টুর্নামেন্টে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ— যা দেশের নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
    বাছাইপর্ব পেরিয়ে ৩৪ দেশ থেকে ১২টি দল জায়গা করে নিয়েছে চূড়ান্ত পর্বে। দলগুলো তিনটি গ্রুপে বিভক্ত হয়ে শিরোপার লড়াইয়ে নামবে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে পার্থ শহরে, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইন।
    শিরোপা প্রত্যাশীদের তালিকায় রয়েছে চীন, উত্তর কোরিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়ন চীন ১৫বার অংশ নিয়ে ৯বার শিরোপা জিতেছে। উত্তর কোরিয়া ৯বার অংশ নিয়ে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। জাপান দুইবার এবং অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও নিউজিল্যান্ড একবার করে শিরোপা জিতেছে।
    ২০০৬ সালের পর দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ আয়োজন করছে অস্ট্রেলিয়া। তবে এবারের আয়োজন ঘিরে তৈরি হয়েছে বিশ্বকাপের আবহ। অংশগ্রহণকারী দলগুলো দেশটিতে পৌঁছানোর পর বিমানবন্দরে নাচ-গানের মধ্য দিয়ে দেওয়া হয়েছে বর্ণিল সংবর্ধনা।
    পার্থ, সিডনি ও গোল্ড কোস্ট—এই তিন শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। পার্থে আজ উদ্বোধনী অনুষ্ঠান থাকবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। এর আগে সিডনির বিখ্যাত অপেরা হাউসের সামনে উন্মোচন করা হয়েছে রুপালি ট্রফি।
    বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে সিডনিতে চীনের বিপক্ষে। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়ার মুখোমুখি হবে দলটি। গ্রুপের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ যাবে পার্থে।
    গত নয় দিন ধরে সিডনিতে অনুশীলন করছে বাংলাদেশ দল। একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। জুবিলি স্টেডিয়ামের আধুনিক সুযোগ-সুবিধা ও সবুজ গালিচার মতো মাঠ দেখে খেলোয়াড়রা উচ্ছ্বসিত। এমন মানের মাঠ দেশে থাকলে পারফরম্যান্স আরও উন্নত হতো বলে মনে করছেন তারা।

    অভিজ্ঞ খেলোয়াড় আফঈদা খন্দকার, শিউলি আজিম, তহুরা, মনিকা, মারিয়া ও সামসুন নাহারদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। শক্তিশালী চীন ও উত্তর কোরিয়ার পাশাপাশি তুলনামূলক কম শক্তির উজবেকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার আশা রাখছে বাংলাদেশ। দলের হারানোর কিছু নেই— ভালো কিছু করতে পারলেই সেটাই হবে সবচেয়ে বড় সাফল্য।
    এই আসরের ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে এশিয়া থেকে কারা সুযোগ পাবে। তাই এবারের এশিয়া কাপ শুধু শিরোপার লড়াই নয়, বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ারও পরীক্ষা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়