০৭/০২/২০২৬, ১৭:১৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

    জেড নিউজ ডেস্ক:

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারের নির্বাচন হবে দেশকে পুনর্গঠনের নির্বাচন। তিনি জনগণের শক্তির ওপর ভর করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
    শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    দীর্ঘ দুই যুগ পর ঠাকুরগাঁওয়ে আসতে পেরে আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া বলতেন, বাংলাদেশ ছাড়া তাঁর আর কোনো ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মীও বিশ্বাস করে বাংলাদেশই তাদের প্রথম এবং শেষ ঠিকানা। আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করতে।” তিনি আরও বলেন, আগামী দিনে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না মেধা ও যোগ্যতাই হবে মূল ভিত্তি।
    জনসভায় তারেক রহমান বিএনপির নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, দেশের প্রতিটি প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে সরাসরি আর্থিক বা খাদ্য সহায়তা নিশ্চিত করা হবে। কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণ সরকারিভাবে পরিশোধের পরিকল্পনা রয়েছে। নারীদের কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত করা এবং বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হবে।
    স্থানীয় উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় এলে, বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুততম সময়ে চালু করা হবে। ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে চিনিকল এবং তাঁতশিল্প পুনরুজ্জীবিত করা হবে। এলাকায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ক্যাডেট কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। কৃষিপণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নির্মাণ এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে।
    আগামী ১২ তারিখের নির্বাচনে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে মানুষ তাদের কেড়ে নেওয়া অধিকার প্রয়োগ করবে। তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, দলীয় দাসত্ব নয়, বরং জনগণের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করুন।
    সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো ঠাকুরগাঁও জেলা আজ জনসমুদ্রে পরিণত হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়