১৩/০৩/২০২৬, ২২:২৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুর

    উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সকাল সাড়ে ৮ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

    তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল সঙ্গে যাচ্ছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন নুর।

    এর আগে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান জানান, গত ২৯ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার এজেন্টদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুর। দীর্ঘ ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ ও পরে বেসরকারি মেডিকেলে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অনিচ্ছা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শে তার পরিবার ও দলীয় সিদ্ধান্তে তাকে বিদেশে পাঠানো হচ্ছে। দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছে গণঅধিকার পরিষদ।

    সংবাদ বিজ্ঞপ্তিতে দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য সাধুবাদ জানানো হয়। তবে একই সঙ্গে বর্বরোচিত এ হামলার ২৪ দিন অতিক্রম হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনের কোনো অগ্রগতি না হওয়ায় নেতারা উদ্বেগ প্রকাশ করেন।

    গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়