১৫/০৩/২০২৬, ১৭:৪৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ঈদের আনন্দ সর্বজনীন করে ফিতরা

    জেড নিউজ, ঢাকা :

    আল্লাহ তায়ালা রমজানের সিয়াম সাধনা শেষে ফিতরার মতো এক মহৎ বিধান দিয়েছেন। প্রথমত, ফিতরার দ্বারা দরিদ্র ব্যক্তির প্রতি সদয় ব্যবহার করা হয়, যেন ঈদের মতো আনন্দের দিনে তাকে হাত না পাততে হয়। আর ধনীদের সঙ্গে ঈদের আনন্দে যেন তিনি শরিক হতে পারেন।

    এতে করে ঈদ হয় সর্বজনীন। দ্বিতীয়ত, রোজাদারের রোজায় যে ত্রুটি ও গুনাহ হয়েছে, ফিতরার মাধ্যমে তা থেকে পবিত্র করা যায়। তৃতীয়ত, ফিতরার দ্বারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। কারণ তিনি নিজ দয়ায় বান্দাকে পূর্ণ এক মাস রোজা, তারাবিহ, কোরআন খতম, দান-সদকাসহ নানাবিধ সৎ কাজের সুযোগ দিয়েছেন।

    আবদুল্লাহ ইবন আব্বাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) জাকাতুল ফিতর, তথা ফিতরা আবশ্যক করেন অনর্থক ও অশ্লীল কথাবার্তা দ্বারা সিয়ামের যে ত্রুটি-বিচ্যুতি হয়, তা থেকে পবিত্র করা এবং মিসকিনদের খাদ্য প্রদানের জন্য। ঈদের সালাতের আগে আদায় করলে তা জাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে। আর ঈদের সালাতের পর আদায় করলে তা অন্য সাধারণ দানের মতো একটি দান হবে।’ (আবু দাউদ—১৬০৯)। ফিতরা মুসলিম নারী-পুরুষ, ছোট-বড়, স্বাধীন-পরাধীন সবার পক্ষে আদায় করতে হয়।

    ইবন উমর (রা.) বলেন, ‘রাসুল (সা.) রমজান মাসে স্বাধীন, গোলাম, নারী-পুরুষ, ছোট-বড় সব মুসলিমের ওপর এক সা খেজুর, বা এক সা যব জাকাতুল ফিতর ফরজ করেছেন।’ (বোখারি : ১৫০৩; মুসলিম : ৯৮৪)। পেটের বাচ্চার পক্ষ থেকে জাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব নয়, কিন্তু কেউ যদি আদায় করে তাহলে কোনো সমস্যা নেই। ওসমান (রা.) পেটের বাচ্চার পক্ষ থেকে ফিতরা আদায় করতেন। ফিতরা নিজের ও স্ত্রী-সন্তানসহ নিজের পোষ্যদের পক্ষ থেকে আদায় করা আবশ্যক। তারা সামর্থ্যবান হলে নিজেদের ফিতরা নিজেরা আদায় করা উত্তম। সংশ্লিষ্ট দিনে জাকাতের নেসাব পরিমাণ সম্পদের অধিকারীর জন্য ফিতরা ওয়াজিব। ঈদের দিন ও রাতের খরচ সম্পাদনের পর অতিরিক্ত ফিতরাযোগ্য সম্পদ থাকলে তার জন্য সুন্নত।

     

    ঈদের চাঁদ ওঠা বা ৩০ রোজা পূরণ হওয়ার পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত ফিতরা দেওয়ার ফজিলতপূর্ণ সময়। ইবন উমর (রা.) বলেন, ‘রাসুল (সা.) মানুষকে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফিতরা দেওয়ার আদেশ দিয়েছেন।’

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়