১৪/০৩/২০২৬, ৩:২০ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আরব আমিরাতে ভিজিট ও কর্মী ভিসা এক বছর আগে থেকেই বন্ধ

    সংযুক্ত আরব আমিরাত- ইউএইতে বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধের খবরটি নতুন কিছু নয়। এক বছর আগে থেকেই দেশটিতে বাংলাদেশিদের ভিজিট ও কর্মী ভিসা বন্ধ রয়েছে। শনিবার গণমাধ্যমে বাংলাদেশসহ নয়টি দেশকে ইউএই ২০২৬ সালের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে বলে যে সংবাদ প্রচার হয়েছে, তা সঠিক নয়। আমিরাতে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে একথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    প্রকৃত ঘটনা হলো, এমন একটি খবর ১৭ সেপ্টেম্বর প্রকাশ করে ইউএই ভিসা অনলাইন নামক একটি ওয়েবসাইট। এরপর বাংলাদেশী বিভিন্ন গণমাধ্যম সংবাদটি প্রকাশ করে। যা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের নজরেও এসেছে। তবে খবরটি সঠিক নয়।

    এ প্রসঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ভিসা নিষেধাজ্ঞার সংবাদটির কোনো নির্ভরযোগ্যতা নেই। আনুষ্ঠানিকভাবে আমিরাত সরকার থেকে কোনো সংবাদ আসেনি। তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, এটি সংশ্লিষ্ট ভিসা সেন্টারের দুরভিসন্ধিমূলক কাজ হতে পারে।

    বিষয়টি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাস্থ সংশ্লিষ্ট দূতাবাসের কাছে জানতে চেয়েছে। এখনো নতুন নির্দেশনা এসেছে কি না এ বিষয়ে দূতাবাস নিশ্চিত করে কিছু জানায়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র।

    জানাযায়, গত বছর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে দেশটিতে বাংলাদেশীরা বিক্ষোভ করলে আমিরাত সরকার কর্মী ও ভিজিট ভিসা বন্ধ করে দেয়। এরপর এক বছর পেরিয়ে গেলেও বাংলাদেশী নাগরিকদের জন্য দুই ধরনের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটি।

    অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশ নেয় বাংলাদেশ। এতে আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকেও বাংলাদেশী নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়। সেই সঙ্গে বাংলাদেশ থেকে আরো বেশি কর্মী নেয়ার আহ্বান জানানো হয়।
    জেড নিউজ, ঢাকা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়