জেড নিউজ ডেস্ক :
সম্প্রতি প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছেন অরিজিৎ সিং। এরই মধ্যে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালও নিজের ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তের কথা জানালেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘চিকনি চামেলি’র মতো অশালীন শব্দভিত্তিক গান ভবিষ্যতে আর গাইবেন না।
গত বছর এক সাক্ষাৎকারে শ্রেয়া মন্তব্য করেছিলেন, অনেক গানে নারীদের এমনভাবে উপস্থাপন করা হয় যেন তারা কেবল ভোগের বস্তু। বিশেষ করে ছোটরা যখন এসব গান না বুঝে গেয়ে ফেলে, তখন বিষয়টি তাকে অস্বস্তিতে ফেলে। তবে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে সমালোচনার মুখে পড়ে। অনেক ব্যবহারকারী তাকে ‘দ্বিচারী’ আখ্যা দিয়ে দাবি করেন, শ্রেয়া নিজেই কনসার্টে এ ধরনের গান পরিবেশন করেন।সম্প্রতি উদ্যোক্তা রাজ শামানীর পডকাস্টে অংশ নিয়ে সমালোচনার জবাব দেন এই গায়িকা। সেখানে তিনি জানান, এখন গান নির্বাচনের ক্ষেত্রে তিনি অনেক বেশি সতর্ক। শ্রেয়ার ভাষায়, ‘চিকনি চামেলি’র মতো গান আর কখনো রেকর্ড করব না। এখন ভাবলে লজ্জা লাগে যে আমি এমন গান গেয়েছিলাম।
নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, গানটি গাওয়ার সময় তার বয়স ও অভিজ্ঞতা দুটোই কম ছিল। গানের কিছু শব্দের গভীর তাৎপর্য তখন পুরোপুরি বুঝতে পারেননি। সময়ের সঙ্গে তার দৃষ্টিভঙ্গিও বদলেছে, তাই এখন এ ধরনের গানে কণ্ঠ দিতে রাজি নন।
শ্রেয়া আরও জানান, ‘চিকনি চামেলি’ জনপ্রিয় হওয়ার পর তাকে একই ধরনের আরও অনেক গানের প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি ঘনিষ্ঠ সুরকার বন্ধুরাও অনুরোধ করেছিলেন। তবে নিজের নীতির সঙ্গে আপস না করে তিনি সেসব প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।



