# ৫০০ পাউরুটি দিয়ে তৈরি পোশাকে রেড কার্পেটে তারকা!

- Link: https://znews.news/%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%89%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8b/
- Published: ২০২৬-০৫-১১T১২:৫৪:৪৭+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক :**

আফ্রিকান চলচ্চিত্র ও ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স
চয়েস অ্যাওয়ার্ডস’ (এএমভিসিএ)-এর ১২তম আসর বসেছিল নাইজেরিয়ার লাগোসে। তারকাদের জমকালো
পোশাক আর শৈল্পিক নকশার ভিড়ে এবার সবার নজর কেড়েছেন এক রিয়েলিটি টিভি তারকা, যার পোশাকটি
তৈরি করা হয়েছিল শত শত পাউরুটি দিয়ে।

তিনি এমন একটি গাউন পরে এসেছিলেন, যা ৫০০টিরও বেশি আসল পাউরুটি দিয়ে তৈরি। পোশাকটি 
এতই বড় ছিল যে, সেটি বহন করতে তাকে বেশ কয়েকজন সহকারী সাহায্য করতে হয়েছে।

এমনকি তার সঙ্গে আসা পরিচারিকাদের হাতেও ছিল রুটির থালা। সোশ্যাল মিডিয়ায় এই পোশাক 
নিয়ে যেমন প্রশংসা মিলেছে, তেমনি খাবারের অপচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে বিবিসি-
কে দেওয়া সাক্ষাৎকারে মার্সি আটাং জানান, এটি কেবল চমক সৃষ্টির জন্য নয়, বরং তার নিজস্ব
রুটি তৈরির ব্যবসার প্রচার বা মার্কেটিংয়ের জন্য তিনি এই সাজ বেছে নিয়েছেন। পোশাকটির
ডিজাইনার টয়িন লাওয়ান জানান, তিনি মূলত ‘নিজের ব্যবসা বা ব্যক্তিত্ব পোশাকে তুলে 
ধরা’র একটি নতুন ট্রেন্ড শুরু করতে চেয়েছেন।

অনলাইনে ভক্তদের কেউ কেউ এই আইডিয়াকে সেরা মার্কেটিং বললেও অনেকে একে খাবারের অপচয় 
বলে সমালোচনা করেছেন। তবে বিতর্ক যাই হোক না কেন, এএমভিসিএ-র এই রাতটি আবারও প্রমাণ
করল যে আফ্রিকার ফ্যাশন জগত কতটা সাহসী ও সৃজনশীল।

লাগোসের ইকো হোটেল অ্যান্ড সুইটসে অনুষ্ঠিত এই বার্ষিক আসরে আফ্রিকান চলচ্চিত্র, টেলিভিশন
ও ডিজিটাল জগতের সেরাদের সম্মাননা জানানো হয়। তবে পুরস্কারের পাশাপাশি রেড কার্পেটে
সেরা পোশাকের প্রতিযোগিতাও ছিল তুঙ্গে।

বিশাল আকৃতির গাউন আর জমকালো কারুকাজে তারকারা যখন একের পর এক আসছিলেন, তখন পুরো অনুষ্ঠানটি
যেন এক শৈল্পিক প্রদর্শনীতে রূপ নেয়।
