# ৪ হাজার বছর আগেও ছিল তরমুজ, ফেরাউনের সমাধিতে মিলেছে প্রমাণ

- Link: https://znews.news/%e0%a7%aa-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%93-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c/
- Published: ২০২৬-০৮-০৪T১৩:১২:৪০+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক :     **

আমাদের দেশে তরমুজ গ্রীষ্মকালীন ফল হলেও এখন সারাবছর কমবেশি এটি পাওয়া যায়। গরমের দিনে
এক টুকরো ঠান্ডা তরমুজ মানেই যেন প্রশান্তির অনুভূতি। রসালো, মিষ্টি ও পানিতে ভরপুর
এই ফল এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় ফল হিসেবে পরিচিত। নানান আকৃতির, রঙের তরমুজ এখন 
চাষ হচ্ছে। তবে শুরুতে তরমুজ কিন্তু এখনকার সময়র মতো ছিল না।

তরমুজের ইতিহাস যে হাজার হাজার বছরের পুরোনো, তা অনেকেরই অজানা। প্রায় ৪ হাজার বছর 
আগে প্রাচীন মিশরেও তরমুজের চাষ হতো। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে কিছু প্রাচীন মিশরীয়
সমাধিতে তরমুজের বীজ পাওয়া গেছে। ধারণা করা হয়, পরকালীন জীবনে খাবারের প্রয়োজন হবে 
এই বিশ্বাস থেকেই ফেরাউন ও অভিজাতদের সমাধিতে বিভিন্ন খাদ্যদ্রব্যের সঙ্গে তরমুজের 
বীজ রাখা হতো।

প্রাচীন মিশরের দেয়ালচিত্র ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকেও জানা যায়, তরমুজ তখন শুধু
খাবার হিসেবেই নয়, বিশেষ গুরুত্বের একটি ফল হিসেবেও বিবেচিত ছিল। তবে সেই সময়কার তরমুজ
আজকের মতো উজ্জ্বল লাল, মিষ্টি ও রসালো ছিল না। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে মানুষের চাষাবাদ,
নির্বাচন ও উন্নত জাত তৈরির মাধ্যমে তরমুজের বর্তমান রূপ তৈরি হয়েছে।

তবে গবেষকদের মনে তরমুজের পূর্বপুরুষের জন্ম আফ্রিকায়। ৫ হাজার বছর আগেই আফ্রিকায় 
চাষ করা হতো তরমুজ, যা পরে উত্তরে ভূমধ্যসাগরীয় দেশগুলোতে এবং পরবর্তীতে ইউরোপের অন্যান্য
অংশে ছড়িয়ে পড়ে।

তরমুজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এতে প্রচুর পরিমাণে পানি থাকে। এই কারণেই প্রাচীনকাল
থেকেই শুষ্ক ও মরুভূমি অঞ্চলে এটি গুরুত্বপূর্ণ ফল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘ 
পথ পাড়ি দেওয়া যাত্রীরা অনেক সময় তরমুজ সঙ্গে রাখতেন, কারণ এটি একদিকে খাবারের চাহিদা
পূরণ করত, অন্যদিকে শরীরে পানির ঘাটতি মেটাতে সাহায্য করত।

বিশেষ করে আফ্রিকার শুষ্ক অঞ্চলে তরমুজের বুনো জাতগুলো টিকে থাকার একটি বড় কারণ ছিল
এর পানিধারণ ক্ষমতা। অনেক গবেষকের মতে, তরমুজের প্রাথমিক ব্যবহার শুধু মিষ্টি ফল হিসেবে
ছিল না, বরং পানির বিকল্প উৎস হিসেবেও মানুষ এটি ব্যবহার করত।

 

প্রাচীন মিশরের ছোট ও কম মিষ্টি তরমুজ থেকে আজকের বড়, রসালো ও মিষ্টি তরমুজ এই পরিবর্তন
একদিনে হয়নি। হাজার বছরের কৃষি চর্চা, মানুষের প্রয়োজন এবং স্বাদের পরিবর্তনের মাধ্যমে
তরমুজের বিবর্তন ঘটেছে।

একসময় যে ফল মরুভূমির যাত্রীদের জন্য পানির উৎস ছিল, সেটিই আজ বিশ্বের বিভিন্ন দেশে
গ্রীষ্মের জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে। আবার একই ফলের বিশেষ আকৃতি তৈরি করে মানুষ এটিকে
বিলাসবহুল পণ্যেও রূপ দিয়েছে।

তরমুজের ইতিহাস আসলে শুধু একটি ফলের ইতিহাস নয়, এটি মানুষের কৃষি জ্ঞান, উদ্ভাবন এবং
প্রকৃতিকে নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের এক অনন্য উদাহরণ। প্রায় ৪ হাজার বছর 
আগে ফেরাউনের সমাধিতে রাখা সেই তরমুজের বীজ থেকে শুরু করে আজকের চারকোণা বা ত্রিভুজ
আকৃতি তরমুজ এই দীর্ঘ যাত্রা দেখায়, সময়ের সঙ্গে একটি সাধারণ ফলও কতটা অসাধারণ গল্পের
অংশ হয়ে উঠতে পারে।

 

 
