# ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর

- Link: https://znews.news/%e0%a7%aa%e0%a7%ab%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%82%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ab/
- Published: ২০২৫-০৯-২৪T১৩:১৫:১৬+০৬:০০
- Author: Z News

৪৫তম বিসিএসের পরীক্ষা-২০২২ এর চূড়ান্ত ফলাফল রোডম্যাপ অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর প্রকাশিত
হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান এ তথ্য জানিয়ে বাংলানিউজকে বলেন, নির্ধারিত
সময়ে ও ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর প্রকাশিত হবে।

আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি।

গত ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, এতে উত্তীর্ণ হন ৬ হাজার
৫৫৮ জন। লিখিত পরীক্ষা গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে
অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেন।

গত ৬ জুন ৪৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করে পিএসসি, যাতে
১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। এর আগে গত ১৯ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা,
বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৫তম বিসিএসে আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে
মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১ হাজার ২২ জনকে নেওয়া হবে।

৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে
৫৩৯ জন। এর পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে
৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।
