# ২৮০০ বছর আগেও মানুষ গাঁজা খেত

- Link: https://znews.news/%e0%a7%a8%e0%a7%ae%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be/
- Published: ২০২৬-১১-১১T১৩:১০:১৫+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

গাঁজা নিয়ে মানুষের আগ্রহ যে আধুনিক যুগের ঘটনা নয়, তারই নতুন প্রমাণ মিলেছে সাইবেরিয়ার
এক প্রাচীন সমাধিতে। প্রায় ২৮০০ বছর আগের সমাধি থেকে উদ্ধার হওয়া গাঁজার বীজের পাশাপাশি
মানুষের চুলেও পাওয়া গেছে গাঁজার নেশা সৃষ্টিকারী উপাদানের রাসায়নিক চিহ্ন। গবেষকদের
দাবি, প্রাগৈতিহাসিক যুগে গাঁজার নেশাজাতীয় ব্যবহারের সবচেয়ে পুরোনো সরাসরি প্রমাণ 
এটি।

দক্ষিণ সাইবেরিয়ার টুভা অঞ্চলের উয়ুক উপত্যকায় অবস্থিত টুনুগ ১ নামের একটি প্রাচীন 
সমাধিক্ষেত্রে খননকাজ চালাতে গিয়ে এই আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদরা। সমাধিটি সিথিয়ান
সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত। সিথিয়ানরা ছিল ইউরেশীয় তৃণভূমিতে বসবাসকারী ঘোড়সওয়ার যাযাবর
জনগোষ্ঠী।

**প্রায় ২৮০০ বছর আগের সমাধি থেকে পাওয়া যায় গাঁজার বীজ**

সমাধির ভেতরে পাওয়া গেছে বিপুলসংখ্যক গাঁজার বীজ, মানুষের দেহাবশেষ, ঘোড়ার কঙ্কাল এবং
নানা মূল্যবান সামগ্রী। গবেষকরা এক হাজারেরও বেশি গাঁজার বীজ উদ্ধার করেন। এর মধ্যে
কয়েকটি বীজের রেডিওকার্বন পরীক্ষা করে জানা গেছে, সেগুলো খ্রিষ্টপূর্ব অষ্টম শতকের।
অর্থাৎ প্রায় ২৮০০ বছর আগে সেগুলো সমাধিতে রাখা হয়েছিল।

তবে শুধু সমাধিতে গাঁজার বীজ পাওয়া যাওয়াই প্রমাণ করে না যে সে সময় মানুষ নেশার জন্য
গাঁজা ব্যবহার করত। কারণ, প্রাচীনকালে গাঁজা থেকে তেল ও আঁশ সংগ্রহ করা হতো। এসব আঁশ
দিয়ে দড়ি ও কাপড় তৈরি করা যেত। তাই গবেষকরা আরও একটি সূত্র খুঁজতে শুরু করেন।

**মানুষের চুলেই মিললো নেশার রাসায়নিক চিহ্ন**

সমাধি থেকে পাওয়া সংরক্ষিত মানুষের চুল পরীক্ষা করেন বিজ্ঞানীরা। উন্নত রাসায়নিক বিশ্লেষণ
পদ্ধতিতে চুলের নমুনায় শনাক্ত হয় ক্যানাবিনল বা সিবিএন। এটি তৈরি হতে পারে গাঁজার প্রধান
নেশা সৃষ্টিকারী উপাদান টেট্রাহাইড্রোক্যানাবিনল বা টিএইচসি অক্সিজেনের সংস্পর্শে এসে
পরিবর্তিত হলে।

এছাড়া নমুনায় টিএইচসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুর্বল রাসায়নিক সংকেতও পাওয়া গেছে। গবেষকদের
মতে, এই ফলাফল থেকে ধারণা করা যায়, সমাধিতে থাকা ব্যক্তিরা গাঁজার প্রভাবের সংস্পর্শে
এসেছিলেন এবং সম্ভবত নেশাজাতীয় উদ্দেশ্যেই এটি ব্যবহার করেছিলেন।

গবেষণাটি ২০২৬ সালের ৫ নভেম্বর বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্সে প্রকাশিত হয়। সুইজারল্যান্ডের
ইউনিভার্সিটি অব বার্নের গবেষকদের নেতৃত্বে আন্তর্জাতিক একটি দল এ গবেষণা পরিচালনা 
করে।

**গাঁজা ব্যবহার হতো ধর্মীয় আচারেও?**

সমাধির অন্যান্য নিদর্শনও গবেষকদের আগ্রহ বাড়িয়েছে। সেখানে ঘোড়ার বলির চিহ্ন এবং মানুষের
হাড়ের সন্ধান পাওয়া গেছে। গবেষকদের ধারণা, গাঁজা হয়তো অন্ত্যেষ্টিক্রিয়া বা ধর্মীয় 
আচার-অনুষ্ঠানের অংশ ছিল। এমনকি বলির আগে কাউকে শান্ত রাখতে বা তার মানসিক অবস্থায় 
পরিবর্তন আনতে গাঁজা ব্যবহার করা হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

তবে এটি এখনো অনুমান। গাঁজা কীভাবে ব্যবহার করা হতো, তা নিশ্চিত করে বলার মতো প্রমাণ
পাওয়া যায়নি। কেউ ধোঁয়া হিসেবে গ্রহণ করতেন, নাকি খাবারের সঙ্গে বা অন্য কোনো উপায়ে
শরীরে নিতেন, চুলের রাসায়নিক বিশ্লেষণ থেকে তা নির্ধারণ করা সম্ভব হয়নি। কতটা গাঁজা
ব্যবহার করা হয়েছিল, সেটিও অজানা।

**গাঁজার ইতিহাস আরও পেছনে গেল**

এর আগে ২০১৯ সালে চীনের পামির অঞ্চলের প্রায় ২৫০০ বছরের একটি পুরোনো সমাধিক্ষেত্রে 
গাঁজা ব্যবহারের রাসায়নিক চিহ্ন পাওয়া গিয়েছিল। সেখানে কাঠের পাত্র ও আগুনে ব্যবহৃত
সামগ্রীতে গাঁজার অবশিষ্টাংশ শনাক্ত করেছিলেন গবেষকরা। নতুন সাইবেরীয় আবিষ্কার সেই 
সময়সীমাকে আরও প্রায় ৩০০ বছর পেছনে নিয়ে গেল।

গবেষকরা এখন উদ্ধার হওয়া গাঁজার বীজের ডিএনএ বিশ্লেষণ করছেন। এর মাধ্যমে প্রাচীন গাঁজার
উদ্ভিদ কেমন ছিল, সেগুলো চাষ করা হতো কি না এবং সময়ের সঙ্গে উদ্ভিদটির বিস্তার কীভাবে
ঘটেছে, সে বিষয়ে নতুন তথ্য মিলতে পারে।

গবেষকদের ধারণা, গাঁজা হয়তো অন্ত্যেষ্টিক্রিয়া বা ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ ছিল সেসময়

সাইবেরিয়ার এই আবিষ্কার শুধু প্রাচীন মানুষের জীবনযাপন নয়, গাঁজার ব্যবহারের ইতিহাস
সম্পর্কেও নতুন ধারণা দিচ্ছে। তবে একে প্রাচীন মানুষের নেশার অভ্যাসের চূড়ান্ত ছবি 
হিসেবে দেখার সুযোগ নেই; কী উদ্দেশ্যে এবং কীভাবে গাঁজা ব্যবহার করা হতো, তা জানতে 
আরও গবেষণা প্রয়োজন। যদিও বর্তমানে এই নেশাদ্রব্য নিয়ে বিধি নিষেধ রয়েছে আমাদের দেশে।
