# ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার

- Link: https://znews.news/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a9%e0%a7%ab-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0/
- Published: ২০২৬-১১-১৯T১৩:০০:১৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

আগামী ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে
ইসলাম। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের নতুন এক পূর্বাভাসে এ তথ্য
উঠে এসেছে।

পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ইসলাম ও খ্রিস্টধর্ম—উভয় ধর্মের
অনুসারীর সংখ্যা বাড়লেও ইসলামের অনুসারী বাড়ছে তুলনামূলক অনেক দ্রুতগতিতে। এর অন্যতম
প্রধান কারণ মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায়
বেশি।

পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনমিতিবিদ কনরাড হ্যাকেট বলেন, ধর্ম পরিবর্তন কিংবা 
অন্য কোনো কারণে ধর্মীয় পরিচয় বদলে যাওয়ার চেয়ে সন্তান জন্মদানের হারই অনুসারীর সংখ্যা
বৃদ্ধিতে বেশি ভূমিকা রাখছে। তাঁর ভাষায়, ‘এটি মূলত শিশুর সংখ্যার বিষয়।’

পিউর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের
হার ছিল ৩ দশমিক ১। খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এ হার ছিল ২ দশমিক ৫। অন্য ধর্মীয় গোষ্ঠীর
নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ১ দশমিক ৬। জনসংখ্যার একটি প্রজন্মের স্বাভাবিক
প্রতিস্থাপনের জন্য সাধারণত ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার প্রয়োজন বলে বিবেচনা করা
হয়।

পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টধর্মের অনুসারী
ছিলেন প্রায় ২২৭ কোটি এবং মুসলিম ছিলেন ২০২ কোটি। নতুন পূর্বাভাসে বলা হয়েছে, ২০৩৫ 
সালে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ২৫৭ কোটি এবং খ্রিস্টান জনসংখ্যা হবে প্রায়
২৫২ কোটি।

এ ধারা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি হতে 
পারে। বিপরীতে, খ্রিস্টান জনসংখ্যা ৩০০ কোটির সামান্য নিচে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে
সংস্থাটি।

২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর জনসংখ্যার পরিবর্তন 
নিয়ে বৃহত্তর এক গবেষণা প্রকল্পের অংশ হিসেবে এ পূর্বাভাস প্রকাশ করেছে পিউ। এতে বিভিন্ন
ধর্মীয় গোষ্ঠীর বয়সভিত্তিক জনসংখ্যা, সন্তান জন্মদানের হার, ধর্ম পরিবর্তন এবং অভিবাসনের
প্রবণতা বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন নিয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ৪০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিস্টানরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবে
না। বর্তমানে দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬২ শতাংশ খ্রিস্টান। ২০৬৫ সালের মধ্যে 
এ হার ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে।

প্রতিবেশী কানাডায়ও ২০৩০ সালের মধ্যে খ্রিস্টানদের সংখ্যা মোট জনসংখ্যার ৫০ শতাংশের
নিচে নেমে আসবে বলে ধারণা করছে পিউ। দেশ দুটিতে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বাড়াও
এ পরিবর্তনের অন্যতম কারণ। ২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪১ শতাংশের
কোনো ধর্মীয় পরিচয় থাকবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সময়ে কানাডায় ধর্মীয় পরিচয়হীন
মানুষের সংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যেতে পারে।

পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ
বাড়বে। বিশ্লেষণ করা ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে মুসলিম ও খ্রিস্টানদের জনসংখ্যাই বিশ্ব
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়বে। এ সময়ে খ্রিস্টান জনসংখ্যা ৩০ শতাংশ এবং 
মুসলিম জনসংখ্যা ৮০ শতাংশ বাড়তে পারে।
