# ২০২৭ সালের হজ চুক্তি সই : বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

- Link: https://znews.news/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%ad-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be/
- Published: ২০২৬-১১-১০T১০:৩৬:৩৬+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের পবিত্র হজ ব্যবস্থাপনাসংক্রান্ত দ্বিপক্ষীয়
চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা ৮৩ হাজার ৫০০ জন
নির্ধারণ করা হয়েছে। মানচিত্রদেখুন

সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত
হয়।

বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি
আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে
স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা, হজের
কোটা, আবাসন, পরিবহন, মিনা ও আরাফাতে অবস্থান এবং অন্যান্য সেবার বিষয়গুলো অন্তর্ভুক্ত
রয়েছে। জেদ্দায় চলমান ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী উপলক্ষে এ চুক্তি স্বাক্ষরিত
হয়।

২০২৭ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশি হাজিদের উন্নত সেবা নিশ্চিত করা, আবাসন ও যাতায়াত
ব্যবস্থার সমন্বয় এবং হজ কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খল করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া
হয়েছে।

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে।
২০২৭ সালের বাংলাদেশী হজযাত্রীর কোটা ৮৩ হাজার ৫০০ জন নির্ধারণের করা হয়েছে। এর মধ্যে
সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন হজ পালনের 
সুযোগ পাবেন।

দুই দেশের এ চুক্তির মাধ্যমে আগামী হজ মৌসুমের প্রস্তুতি আরও গতিশীল হবে এবং বাংলাদেশি
হজযাত্রীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে। মানচিত্রদেখুন

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন
হজ পালন করেন। নতুন চুক্তির ফলে আগামী বছর হজযাত্রীর সংখ্যা আরও বাড়ার সুযোগ তৈরি হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, 
বাংলাদেশ ও সৌদি আরবের রাষ্ট্রদূত এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা 
উপস্থিত ছিলেন।
