# হারিয়ে যাচ্ছে শিল-পাটা ধার দেওয়ার সেই চেনা হাঁকডাক

- Link: https://znews.news/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a7/
- Published: ২০২৬-১১-১৭T১৫:৪৫:৫৯+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

‘শিল-পাটা ধার করাবেন, শিল-পাটা!’ এমন ডাক শুনলেই একসময় অনেক গৃহস্থ বাড়ির নারীরা ঘর
থেকে বেরিয়ে আসতেন। কারো রান্নাঘরের কোণে পড়ে থাকা পুরোনো শিল-পাটা নিয়ে আসতেন, কেউ
আবার আগে থেকেই অপেক্ষায় থাকতেন এই কারিগরের জন্য। এরপর শুরু হতো শিল-পাটা ধার দেওয়ার
কাজ। পাথরের সঙ্গে ঘর্ষণে তৈরি হওয়া একটানা শব্দ আর কারিগরের ব্যস্ততা মিলিয়ে গ্রামীণ
জনপদে তৈরি হতো এক পরিচিত দৃশ্য। সেই হাঁকডাক একসময় ছিল গ্রামবাংলার দৈনন্দিন জীবনেরই
অংশ।

সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাপন, রান্নার উপকরণ ও খাদ্যাভ্যাস। আধুনিক ব্লেন্ডার,
মিক্সারসহ নানান বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বেড়েছে। অনেকে এখন বাজার থেকে গুঁড়া মসলা
কিনে আনেন, আবার কেউ ঘরেই আধুনিক যন্ত্রে মসলা বেটে নেন। ফলে একসময় গ্রামবাংলার প্রতিটি
ঘরে প্রয়োজনীয় শিল-পাটার ব্যবহার অনেকটাই কমে এসেছে। একইসঙ্গে কমেছে শিল-পাটা ধার দেওয়ার
কারিগরদের আনাগোনাও। যাদের হাঁকডাকে একসময় গ্রামের পথঘাট মুখর হয়ে উঠত, তাদের অনেককেই
এখন আর আগের মতো দেখা যায় না।

গ্রামবাংলার প্রতিটি ঘরে প্রয়োজনীয় শিল-পাটার ব্যবহার অনেকটাই কমে এসেছে
 বাঙালি বধূদের
রান্নাঘরে হলুদ, মরিচ, রসুন, আদা, সরিষাসহ বিভিন্ন ধরনের মসলা বাটতে শিল-পাটার বিকল্প
ছিল না বললেই চলে। বিশেষ করে মাছের ঝোল, ভর্তা কিংবা নানা দেশি খাবার তৈরিতে শিল-পাটায়
বাটা মসলার আলাদা স্বাদ ও ঘ্রাণের কথা এখনো মনে করেন অনেকেই।

গ্রামের অনেক বাড়িতে সকাল থেকেই শুরু হতো রান্নার প্রস্তুতি। কেউ শিল-পাটায় শুকনা মরিচ
বাটছেন, কেউ সরিষা কিংবা রসুন। রান্নাঘরের এক কোণে রাখা শিল-পাটাটি যেন পরিবারের নিত্যদিনের
সঙ্গী। কখনো প্রতিবেশীরাও নিজেদের প্রয়োজনীয় মসলা বাটতে একে অপরের বাড়িতে নিতেন। বিশেষ
করে বিয়ে কিংবা কোনো আয়োজন হলে বাড়ির উঠানে মসলা বাটার ধুম পড়ে যেত। কয়েকজন বধূরা একসঙ্গে
মসলা বাটার সেই ব্যস্ততা আর গল্প-আড্ডায় মুখর হয়ে উঠত বাড়ির আঙিনা। আধুনিকতার ছোঁয়ায়
এখন এসব দৃশ্য তেমন আগের মতো চোখে পড়ে না।

তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে শিল-পাটার পৃষ্ঠ মসৃণ হয়ে গেলে মসলা বাটতে অসুবিধা হতো।
তখন প্রয়োজন পড়ত ধার দেওয়ার কারিগরের। তারা গ্রামে গ্রামে ঘুরে বাড়ির পুরোনো শিল-পাটাকে
আবার ব্যবহারের উপযোগী করে দিতেন। লোহার বাটালি ও হাতুড়ির সাহায্যে শিল-পাটার পৃষ্ট
খাঁজ কেটে দিতেন।

এই পেশার সঙ্গে জড়িয়ে ছিল বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা। কাজটি দেখতে সাধারণ মনে হলেও পাথরের
গায়ে সঠিকভাবে খাঁজ কাটা মোটেও সহজ ছিল না। প্রয়োজন হতো হাতের কৌশল, ধৈর্য ও দীর্ঘদিনের
অভিজ্ঞতার। অনেক কারিগরের কাছে এটি শুধু জীবিকা নির্বাহের মাধ্যম ছিল না, বরং বংশপরম্পরায়
শেখা একটি পেশা ও ঐতিহ্য।

একসময় গ্রামের মানুষের কাছে এসব কারিগর ছিলেন বেশ পরিচিত মুখ। তাদের হাঁকডাক শুনেই 
অনেকেই বুঝতে পারতেন, শিল-পাটা ধার দেওয়ার লোক এসেছেন। বাড়ির উঠানে কিংবা রাস্তার পাশে
বসেই চলত কাজ। আশপাশের কয়েকটি বাড়ি থেকে একে একে শিল-পাটা নিয়ে আসা হতো। একজনের কাজ
শেষ হলে শুরু হতো অন্যজনেরটি। কাজের ফাঁকে চলত কথাবার্তা ও গল্প। এভাবেই একটি পেশাকে
ঘিরে তৈরি হয়েছিল গ্রামীণ জীবনের ছোট্ট এক সামাজিক পরিসর।

তবে এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। সহজেই বাজারে মিলছে যে কোনো মসলার গুঁড়া। আর 
রান্নাঘরে জায়গা করে নিয়েছে ব্লেন্ডার, মিক্সারসহ আধুনিক নানা যন্ত্রপাতি। অল্প সময়ে
বৈদ্যুতিক যন্ত্রে মসলা বাটা কিংবা গুঁড়া করা সম্ভব হওয়ায় অনেক পরিবারেই শিল-পাটার 
ব্যবহার কমেছে।

ফলে শিল-পাটা ধার দেওয়ার প্রয়োজনীয়তাও আগের তুলনায় অনেক কমে এসেছে। এতে প্রভাব পড়েছে
এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের জীবনে। একসময় যারা গ্রামে গ্রামে ঘুরে শিল-পাটা ধার 
দিয়ে সংসার চালাতেন, তাদের অনেকেই পেশা পরিবর্তন করেছেন। কেউ অন্য কাজের সঙ্গে যুক্ত
হয়েছেন, কেউ আবার বয়সের ভারে কাজ ছেড়ে দিয়েছেন। নতুন প্রজন্মের মধ্যেও এই পেশা শেখার
আগ্রহ খুব একটা দেখা যায় না। ফলে অভিজ্ঞ কারিগরের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি হারিয়ে
যাওয়ার ঝুঁকিতে পড়েছে তাদের দীর্ঘদিনের অর্জিত দক্ষতা।

তবে আধুনিকতার ছোঁয়ায় শিল-পাটার প্রয়োজন একেবারে ফুরিয়ে যায়নি। এখনো গ্রাম বা শহরের
অনেক পরিবারে শিল-পাটা ব্যবহার করা হয়। বিশেষ করে ঐতিহ্যবাহী খাবার তৈরিতে এর ব্যবহার
রয়েছে। কিছু মসলার স্বাদ ও ঘ্রাণ ধরে রাখতেও শিল-পাটার ব্যবহারকে গুরুত্ব দেন অনেক 
গৃহবধূ। তাদের মতে, শিল-পাটায় বাটা মসলার স্বাদ ও ঘ্রাণ বৈদ্যুতিক যন্ত্রে তৈরি মসলার
চেয়ে আলাদা। তাই প্রযুক্তির ব্যবহার বাড়লেও শিল-পাটার প্রতি তাদের আগ্রহ এখনো রয়েছে।

নতুন নতুন প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে, কমিয়ে আনে দৈনন্দিন কাজের পরিশ্রম। কিন্তু
এই পরিবর্তনের ভিড়ে হারিয়ে যায় এমন কিছু পেশা, দৃশ্য ও শব্দ, যেগুলো একসময় আমাদের জীবনযাপনের
অবিচ্ছেদ্য অংশ ছিল। ‘শিল-পাটা ধার করাবেন, শিল-পাটা!’ এই চেনা হাঁকডাকও হয়তো একদিন
হারিয়ে যাবে। নতুন প্রজন্মের কাছে তা থেকে যাবে কেবল পুরোনো দিনের গল্প হয়ে।
