# হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৫৬

- Link: https://znews.news/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%ac-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0-3/
- Published: ২০২৬-০৮-৩১T১৬:৪৪:০৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ২৫৬ শিশুর
শরীরে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য
জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু
হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৪ শিশুর মৃত্যু
হয়েছে। হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে
এই সময়ে মোট ৯৭৩ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ 
হাজার ১৬২। এই সময়ে ১ হাজার ৯০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে
ছাড়া পেয়েছে ১ হাজার ১১২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর
সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯৯১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২। এর মধ্যে হাসপাতালে
ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন ছাড়পত্র
পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।
