# হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না, নতুন নিয়মের ঘোষণা দিল ইরান

- Link: https://znews.news/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8/
- Published: ২০২৬-১১-১২T১১:৫৩:৫৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগে হরমুজ প্রণালিতে যে পরিস্থিতি বিরাজ করছিল,
তা আর ফিরবে না বলে ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ
বাঘের গালিবাফ। তাঁর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের ব্যবস্থাপনা ও তদারকির
বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তেহরান। একই সঙ্গে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের
সামনে সাতটি শর্ত দিয়েছে ইরান। এসব শর্ত পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতায়
যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন
গালিবাফ। এ সময় হরমুজ প্রণালির ভবিষ্যৎ, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এবং নতুন
করে সামরিক সংঘাতের আশঙ্কাসহ বিভিন্ন বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেন তিনি।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, আট মাস ধরে চলা সংঘাতের অবসানে তেহরানের প্রস্তাবিত সাত দফা
পরিকল্পনার অংশ হিসেবে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে ইরান ও ওমানের মধ্যে
সমঝোতা হয়েছে।

হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জলসীমার অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ইরানের পার্লামেন্টের
স্পিকার। তিনি বলেন, ‘ওখানে কোনো ‘উন্মুক্ত জলসীমা’ (আন্তর্জাতিক জলসীমা) নেই। ১৯৮২
সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। হরমুজ
প্রণালির ভেতরের নিয়মকানুন নির্ধারিত হবে এর দুই তীরবর্তী দেশের আইন অনুযায়ী।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরুর বিষয়ে গালিবাফ জানান, কাতারের মধ্যস্থতাকারীর
মাধ্যমে ওয়াশিংটনের কাছে নিজেদের অবস্থান ও সাতটি শর্ত পৌঁছে দিয়েছে তেহরান। এখন যুক্তরাষ্ট্রের
আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ইরান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের
কোর্টে।’

ইরানের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা
প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়া, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধের
অবসান ঘটেছে—এমন স্পষ্ট ঘোষণা দেওয়া।

গালিবাফের দাবি, এসব শর্ত গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অন্তর্ভুক্ত
ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তাঁর
মতে, আগে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, সেগুলোর বাইরে যুক্তরাষ্ট্র নতুন কোনো দাবি না তুললে
এবং অবিশ্বাস সৃষ্টির মতো আচরণ না করলে চুক্তিতে পৌঁছানো কঠিন হবে না।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত কোনো দাবি না তোলে কিংবা অবিশ্বাস তৈরির মতো
আচরণ না করে আগে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে স্বাভাবিকভাবেই
একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।’

তবে দুই দেশের মধ্যে সমঝোতার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি
ইরানের অনাস্থার কথা উল্লেখ করেন তিনি। গালিবাফের ভাষায়, ‘চুক্তির পথে সবচেয়ে বড় বাধা
হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’

সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতার বিষয়টিও সামনে আনেন 
ইরানের এই প্রধান আলোচক। তাঁর দাবি, তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর উদ্যোগে পুতিনকে
মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে অনুরোধ করেছিলেন মার্কিন কর্মকর্তারা। মস্কো সফরের
সময় তাঁকে এ অনুরোধ জানানো হয়।

ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে ওয়াশিংটনকে আবারও পরাজয়ের মুখে পড়তে
হবে বলে সতর্ক করেছেন গালিবাফ। তাঁর মতে, এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পকে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও রাজনৈতিক 
চাপ মোকাবিলা করতে হবে।

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ
বলেও জানান তিনি। এ জন্য সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রতিরোধের প্রস্তুতি
জোরদার করার ওপর গুরুত্ব দেন গালিবাফ।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুতিদের মধ্যকার সংঘাত নিয়েও কথা বলেন
ইরানের পার্লামেন্টের স্পিকার। সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকার এবং ইরান-সমর্থিত
সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যে চলমান লড়াইয়ে বাইরের পক্ষগুলোর হস্তক্ষেপের বিরোধিতা 
করেন তিনি।

আনসারুল্লাহ নামেও পরিচিত হুতিদের প্রসঙ্গে গালিবাফ বলেন, ‘এতে কারও হস্তক্ষেপ করা 
উচিত নয়।’ তবে ইয়েমেন সরকার কিংবা সৌদি আরব—কোনো পক্ষ সহায়তা চাইলে সংঘাত নিরসনে ইরান
সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘ইয়েমেনের সরকার ও সৌদি আরব—উভয় পক্ষ যদি আমাদের সহায়তা চায়, তাহলে তাদের
সংঘাত নিরসনে আমরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেব।’

এর আগে সৌদি আরবে ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর গত অক্টোবরে সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের
মধ্যে আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল ইরান।
