# সোনার দাম এবার ভরিতে বাড়ল ২২১৬ টাকা

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc/
- Published: ২০২৬-০৭-২৭T১৩:৪৩:২১+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। ২৪ জুলাই এক দফা কমানের পর এবার প্রতি ভরিতে 
২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে
২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (
বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে
সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোনার নতুন
এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার
দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের
প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৪৯ হাজার
৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম
কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের
বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা
যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের
ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে সোনার দাম সর্বশেষ সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার
৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সো দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ
করে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ
৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ
করা হয়।

সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। ৫৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪
হাজার ৬০৭ টাকা থেকে নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২
টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার 
দাম ২ হাজার ৯৭৪ টাকা করা হয়েছে।
