# সেসব স্মৃতি মনে পড়লে নিজের অজান্তেই হাসি পায়: মিম

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c/
- Published: ২০২৬-১১-১০T১৩:১৫:৩৮+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

বিদ্যা সিনহা মিম। তারকা অভিনেত্রী ও মডেল। আজ তাঁর জন্মদিন। এ অভিনেত্রীর কাছে এ বিশেষ
দিন মানেই পরিবারের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘জীবন
অপেরা’ সিনেমার কাজ। জন্মদিন, ব্যক্তিজীবন, চলচ্চিত্রের বর্তমান সময় ও নতুন কাজ নিয়ে
তাঁর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন

**জন্মদিন নিয়ে কী পরিকল্পনা করছেন?**
 জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা নেই। পরিবারের
সঙ্গে সময় কাটাতেই ভালো লাগে। কাছের মানুষেরা খোঁজখবর নেন, কেউ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিষয়গুলো বেশ উপভোগ করি। ২ নভেম্বর থাইল্যান্ডে গিয়েছিলাম। গতকাল সোমবার ফিরেছি। জন্মদিন
দেশের মাটিতে কাটাব বলে বিশেষ দিনের আগেই দেশে ফিরেছি।

**শৈশবের জন্মদিন কেমন কাটত?**
 একেক বয়সে জন্মদিনের আনন্দ একেক রকম। তবে ছোটবেলার 
জন্মদিনে বেশি মজা হতো। তখন তো খুব একটা বুঝতাম না। পরে ভিডিও কিংবা ছবিতে দেখতাম। 
বিয়েবাড়ির মতো করে বাড়ি সাজানো হতো। অতিথিরা আসতেন, মা মজার মজার খাবার রান্না করতেন।
কিছু কিছু জন্মদিনে অনেক কান্নাকাটিও করেছি। ছোটবেলায় বেশি মানুষ নিয়ে জন্মদিন উদ্‌যাপন
করতে পছন্দ করতাম না। এখন সেসব স্মৃতি মনে পড়লে নিজের অজান্তেই হাসি পায়।

**জন্মদিন এলে কোন উপলব্ধি কাজ করে?**
 মনে হয়, জীবন থেকে আরও একটি বছর চলে গেল। সুন্দর
সুন্দর সময় পেরিয়ে যাচ্ছে। সময়গুলো চোখের পলকেই শেষ হয়ে যায়। তারপরও আশায় বুক বাঁধি,
সামনে হয়তো আরও সুন্দর সময় অপেক্ষা করছে।

**এবারের থাইল্যান্ড সফর কেমন ছিল?**
 ইদানীং সময় পেলেই দেশ কিংবা বিদেশে ঘুরতে বের
হই। তবে এবার শুধু ঘোরার উদ্দেশ্যে যাওয়া নয়, আমার একটি ইভেন্টও ছিল। স্বামী সনি পোদ্দারও
চাইছিলেন জন্মদিনের আগে আমাকে ভালো কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে। সময় ও সুযোগ মিলে 
যাওয়ায় ওখানে যাওয়া হলো। সঙ্গে প্রিয় মানুষ থাকলে ভ্রমণের আনন্দ আরও বেড়ে যায়। সনির
সঙ্গে বেশ আনন্দঘন সময় কেটেছে।

**চলচ্চিত্রের বর্তমান সময়কে কীভাবে দেখছেন?**
 ভালো মন্দ মিলিয়েই চলছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি।
ভালো গল্পের সিনেমা হচ্ছে। নির্মাতাদের গল্প ভাবনায় নতুনত্ব এসেছে। আমি নিজের মতো করে
কাজ করে যাচ্ছি। অভিনয় ক্যারিয়ারে খুব বেশি কাজ করতে হবে, এমনটা মনে করি না। কাজের 
সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো কাজ করাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। হাতে থাকা সিনেমার খবর
কী?

‘জীবন অপেরা’ নামে একটি সিনেমার কাজ কিছুদিন আগে শেষ করেছি। আলভী আহমেদ পরিচালিত সিনেমাটিতে
আমার সহশিল্পী শরিফুল রাজ ও মোস্তাফিজুর নূর ইমরান। গল্পটি বেশ ইন্টারেস্টিং। এর বাইরে
আরও কিছু প্রজেক্ট নিয়ে কথা চলছে। সবকিছু চূড়ান্ত হলে জানাতে পারব।

**শরিফুল রাজের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?**
 ‘পরাণ’ ও ‘দামাল’-এর পর শরিফুল রাজের
সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। সহশিল্পী হিসেবে শরিফুল রাজ অসাধারণ। আমাদের মধ্যে বোঝাপাড়া
ভালো ছিল বলে সহজেই কাজটি শেষ করতে পেরেছি। সিনেমাটির বিস্তারিত এই মূহূর্তে বলা সম্ভব
নয়।

**সিনেমায় অভিনয় কি কমিয়ে দিয়েছেন?**
 বিষয়টি আসলে সে রকম নয়। চাইলে ‘পরাণ’-এর পর আরও
১০-১৫টি সিনেমা করে ফেলতে পারতাম। কিন্তু সেগুলোর মান হয়তো ততটা ভালো হতো না। সে ধরনের
কাজ আমি করবও না। আমি ভালো কাজের অপেক্ষা করছি। যখন ভালো কিছু হবে, তখন সবাই জানতে 
পারবেন।
