# সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83/
- Published: ২০২৬-১১-১২T১৩:৪৬:২৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

দীর্ঘদিন পর দুর্দান্ত ফুটবল খেলছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে
৪-০ গোলের বড় জয়ে যখন উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা, তখনই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। চোটের
কারণে চলতি সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছেন জাতীয় দলের ডিফেন্ডার সাদ উদ্দিন।

বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় সাদকে। তার চোটের
অবস্থা গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। পরে অ্যাম্বুলেন্সে
করে হাসপাতালে পাঠানো হয় এই ডিফেন্ডারকে।

পরীক্ষা-নিরীক্ষার পর সাদের গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। তার অস্ত্রোপচার প্রয়োজন
হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট। তবে চোটের কারণে চলতি সাফে 
আর খেলা হচ্ছে না তার।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে ছিলেন সাদ উদ্দিন। আসিয়ান কাপেও নিজের সামর্থ্যের 
প্রমাণ দিয়েছেন তিনি। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচেই শুরুর 
একাদশে ছিলেন এই ডিফেন্ডার। রক্ষণভাগে তার কার্যকর ভূমিকা দলের জন্য ছিল গুরুত্বপূর্ণ।

সাদের এমন চোটে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। শ্রীলঙ্কার
বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের অনানুষ্ঠানিকভাবে তিনি জানান, সাদের চোট গুরুতর। এই
টুর্নামেন্টে তাকে আর পাওয়া না যাওয়ার আশঙ্কাই বেশি।

এদিকে বৃহস্পতিবার সকালে অনুশীলনে নামে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে যারা মাঠে 
নামেননি, তারাই মূলত অনুশীলন করেছেন। চোটের কারণে কয়েক দিন অনুশীলনের বাইরে থাকা তপু
বর্মণ ও বিশ্বনাথ ঘোষও এদিন অনেকটাই পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। অন্যদিকে আগের দিন
ম্যাচ খেলা ফুটবলাররা হোটেলে রিকভারি সেশন করেছেন।

তবে বুধবার রাতে ম্যাচ খেলার পর বৃহস্পতিবার সকালেই অনুশীলনের বিষয়টি সামনে এনেছে সাফ
ও বাফুফের সমন্বয় নিয়ে প্রশ্ন। ঘরের মাঠে আট বছর পর আয়োজিত হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ।
হামজা চৌধুরীদের দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের প্রত্যাশাও বেড়েছে। এমন সময়ে
দলের অনুশীলন ও স্টেডিয়াম কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত দলনেতা এবং বাফুফে নির্বাহী সদস্য
ইকবাল হোসেনের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। গত কয়েক দিন তাকে অনুশীলন কিংবা স্টেডিয়ামে
দেখা যায়নি।

সেমিফাইনালের আগে সাদ উদ্দিনের ছিটকে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় ধাক্কা। 
এখন তার বিকল্প হিসেবে কাকে বেছে নেন কোচ, সেটিই দেখার বিষয়।
