# সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0/
- Published: ২০২৬-১১-২৯T১৬:৪৪:৫২+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা : **

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও 
সরকার উদ্বিগ্ন নয়।’

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের
ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে
বাহিনীগুলো সতর্ক অবস্থানে থাকে এবং প্রয়োজন অনুযায়ী সদস্য মোতায়েন করে। এটি তাদের 
নিয়মিত দায়িত্বেরই অংশ।’

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘
ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড তৈরির
চেষ্টা করেছিল। তবে তাদের নিজেদের মধ্যে বিরোধ বা সংঘর্ষের কারণে পরিস্থিতির অবনতি 
ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

ওই ঘটনায় দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলেও জানান তিনি। তবে ঘটনার বিস্তারিত এখনো
তদন্ত করা হয়নি বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য
ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে জাজিরা এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।’
