# সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a7%81-%e0%a6%93-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be/
- Published: ২০২৬-০৯-০৯T১৩:৫৪:২১+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা** :

জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন
উপহার দিতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ
এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় জাতিকে একটি মানসম্মত স্থানীয়
সরকার নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

আজ বুধবার ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা
ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন শেষে তিনি এ 
প্রতিশ্রুতি জানান। রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।

জাতীয় নির্বাচনের মাধ্যমে ইসি জনগণের কাছে হারানো আচ্ছা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বলে
দাবি করেন সিইসি। তিনি বলেন, ‘ইসি ও প্রশাসনিক সংস্থাগুলোর প্রতি জনগণের আস্থা অনেকটাই
ফিরে এসেছে।

মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি ত্বরান্বিত করতে কাজ
চলছে।’

প্রতিটি কাজের মূল মাপকাঠি হলো তার সাফল্য বা ফলাফল। জাতীয় নির্বাচনে প্রশাসনিক সংস্থাগুলো
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বলেও মন্তব্য
করেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘জনগণের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তা বহুলাংশে পুনরুদ্ধার
করা সম্ভব হয়েছে।

একই উচ্চ মানদণ্ড বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচন সফল করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।’
