# সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য ৪৮৯ নতুন পদ সৃষ্টি

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0/
- Published: ২০২৫-১২-০৮T১২:২৯:৪৬+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ঢাকা:**
 সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের জন্য 
মোট ৪৮৯টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কর্মকর্তা পদে ১০৭ এবং 
সহায়ক কর্মচারী পদে ৩৮২ পদ তৈরি করা হবে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের ভিত্তিতে
গঠিত ‘পদ সৃজন কমিটির’ প্রথম সভায় রবিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১০৭টি কর্মকর্তা পদের মধ্যে জুডিশিয়াল সার্ভিসের প্রশাসনিক পদ ১০৫টি, মুখ্য হিসাবরক্ষণ
কর্মকর্তা পদ একটি এবং সিস্টেম অ্যানালিস্ট পদ একটি রয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই
তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সভাপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের
সভাপতিত্বে বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির মোট
৮ সদস্যের মধ্যে ৭ জন (অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছাড়া) সভায় উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫–এর ১৭ ধারা অনুসারে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি,
সুপ্রিম কোর্ট সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং অধস্তন আদালতের সাংগঠনিক কাঠামো
পরিবর্তনসহ কর্মকর্তা-কর্মচারীদের পদ সৃষ্টি, বিলোপ বা বিন্যাসের লক্ষ্যে গত ১ ডিসেম্বর‘
পদ সৃজন কমিটি’ গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাই কোর্ট
বিভাগের বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, সুপ্রিম কোর্ট সচিবালয়ের
সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব,
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব এবং
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল।
