# সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%ab%e0%a7%a7-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2/
- Published: ২০২৬-০৮-১৭T১৩:১২:১৭+০৬:০০
- Author: znews

**জেড নিউজ , ডেস্ক : **

ভারতীয় চলচ্চিত্রে ৫১ বছর পূর্ণ করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। ১৫ আগস্ট
অভিনয়জীবনের এই মাইলফলক উদযাপন করলেন তিনি। এ সময় তার নতুন সিনেমা ‘ধরমন’-এর সেটে পরিচালক
অশ্বথ মারিমুথু এবং ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে কেক কেটে রজনীকান্তের
বর্ণাঢ্য চলচ্চিত্রযাত্রার ৫১ বছর উদযাপন করা হয়।

**যেভাবে শুরু রজনীকান্তের যাত্রা**

কমল হাসান অভিনীত ‘অপূর্ব রাগাঙ্গাল’ সিনেমার মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট অভিনয়ে অভিষেক
ঘটে রজনীকান্তের। শুরুতে পার্শ্বচরিত্র ও খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও ধীরে ধীরে নিজেকে
প্রতিষ্ঠিত করেন প্রধান অভিনেতা হিসেবে।

পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয়
তারকায় পরিণত হয়েছেন। ভক্তদের কাছে ‘থালাইভা’ নামে পরিচিত রজনীকান্ত তামিল, তেলেগু,
কন্নড়, হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমায় অভিনয় করেছেন।

বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয়ের পাশাপাশি তার নিজস্ব স্টাইল, সংলাপ বলার ধরন এবং পর্দায়
উপস্থিতি তামিল সিনেমার গণ্ডি পেরিয়ে ভারতীয় চলচ্চিত্রে বিশেষ প্রভাব ফেলেছে।

**‘****ধরমন****’**** নিয়ে যত আয়োজন**** **

বর্তমানে ‘ধরমন’ সিনেমার শুটিং করছেন রজনীকান্ত। এটি তার অভিনীত ১৭৩তম সিনেমা। অশ্বথ
মারিমুথুর পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছেন কমল হাসান ও আর মহেন্দ্রন। রাজ কমল ফিল্মস
ইন্টারন্যাশনাল ও টারমেরিক মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

রজনীকান্তের সঙ্গে এতে অভিনয় করছেন সিমরান বাগ্গা, রাশি খান্না ও যোগী বাবু। পরিচালনার
পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করছেন অশ্বথ মারিমুথু। এর আগে ‘পেট্টা’ সিনেমায় রজনীকান্তের
সঙ্গে অভিনয় করেছিলেন সিমরান। নতুন সিনেমাটির মাধ্যমে তারা আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন।

সিনেমাটির সংগীত ও আবহসংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। চিত্রগ্রহণের দায়িত্বে
রয়েছেন নিখেত বোম্মিরেড্ডি এবং সম্পাদনা করছেন প্রদীপ ই রাঘব। অ্যাকশন দৃশ্য পরিচালনা
করছেন অনবাড়িভ জুটি। সম্প্রতি সিনেমাটির দ্বিতীয় ধাপের শুটিংও শুরু হয়েছে।

**এরপর ‘জেলার ২****’**

‘ধরমন’-এর কাজ শেষ করার পর রজনীকান্তকে দেখা যাবে ‘জেলার ২’ সিনেমায়। নেলসন দিলীপ কুমারের
পরিচালনায় নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে মিঠুন চক্রবর্তী, 
বিদ্যা বালান, এস জে সূর্যাহ ও সুরজ ভেঞ্জারামুডুর অভিনয়ের কথা রয়েছে।

প্রথম ‘জেলার’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করা মোহনলাল ও শিব রাজকুমারও দ্বিতীয় কিস্তিতে
একইভাবে ফিরতে পারেন। এ ছাড়া হৃতিক রোশনকে বিশেষ চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন
রয়েছে।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি
পাওয়ার কথা।
