# সিজদায় বান্দা রবের সবচেয়ে নিকটবর্তী থাকে

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%87/
- Published: ২০২৬-১১-১৪T১০:২৩:০২+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

মহান আল্লাহর দরবারে নিজের অহংকার ও আত্মম্ভরিতা মাটিতে মিশিয়ে দিয়ে রবের সামনে সর্বোচ্চ
বিনয় প্রকাশের অন্যতম মাধ্যম হলো সিজদা। এটি শুধু নামাজের একটি রুকন নয়; বরং আল্লাহর
নৈকট্য লাভের অন্যতম মাধ্যম।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের যেসব গুণের কথা উল্লেখ করেছেন, তার
মধ্যে অন্যতম হলো সিজদা। ইরশাদ হয়েছে, ‘আর যারা তাদের রবের জন্য সিজদারত ও দণ্ডায়মান
হয়ে রাত যাপন করে।’ (সুরা ফুরকান, আয়াত : ৬৪)
 সিজদার সবচেয়ে বড় ফজিলত হলো এ অবস্থায়
বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ(
সা.) বলেছেন, বান্দা সিজদার সময়ে মহান আল্লাহর সর্বাধিক নৈকট্য লাভ করে।

এ নৈকট্য স্থানগত নয়; বরং আল্লাহর রহমত, অনুগ্রহ ও কবুলিয়তের বিশেষ নৈকট্য। তাই সিজদায়
বান্দার উচিত নিজের প্রয়োজন মহান আল্লাহর কাছে পেশ করা, নিজের সব সীমাবদ্ধতা ও অসহায়ত্ব
তাঁর কাছেই প্রকাশ করে তাঁর সাহায্য কামনা করা, ইচ্ছায়-অনিচ্ছায় হয়ে যাওয়া গুনাহের 
জন্য ক্ষমা চাওয়া এবং দুনিয়া-আখিরাতের কল্যাণ চেয়ে বেশি বেশি দোয়া করা। আবদুল্লাহ ইবনে
আব্বাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) (মৃত্যুশয্যায় থাকাকালে)
হুজরার পর্দা তুলে দিলেন।

লোকেরা এ সময় আবু বকরের পেছনে সালাতের কাতারে দাঁড়ানো ছিল। তিনি বললেন, ‘হে লোক সকল!
আর নবুয়তের ধারা অবশিষ্ট থাকবে না। তবে মুসলিমরা সত্য স্বপ্ন দেখবে অথবা তাদেরকে দেখানো
হবে। সাবধান! আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন রুকু বা সিজদারত অবস্থায় কোরআন পাঠ না 
করি। তোমরা রুকু অবস্থায় মহান প্রভুর শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব বর্ণনা করবে এবং সিজদারত
অবস্থায় অধিক দোয়া পড়ার চেষ্টা করবে, কেননা তোমাদের দোয়া কবুল হওয়ার উপযোগী।

’ (মুসলিম, হাদিস : ৯৬১)
 এ জন্য হয়তো আমাদের প্রিয় নবীজি (সা.) সাহাবায়ে কেরামকে বেশি
বেশি সিজদা করা (অর্থাৎ বেশি বেশি নামাজ পড়া) ও দীর্ঘ সিজদা করার প্রতি উৎসাহ দিয়েছেন।

রবিআহ ইবনে কাব আল আসলামি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর 
সঙ্গে রাত যাপন করছিলাম। আমি তাঁর অজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতাম।
তিনি আমাকে বললেন, কিছু চাও। আমি বললাম, জান্নাতে আপনার সাহচর্য প্রার্থনা করছি। তিনি
বললেন, এ ছাড়া আরো কিছু আছে কি? আমি বললাম, এটাই আমার আবেদন। তিনি বললেন, তাহলে তুমি
অধিক পরিমাণে সিজদা করে তোমার নিজের স্বার্থেই আমাকে সাহায্য করো। (মুসলিম, হাদিস :
৯৮১)

এই হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহর বিশেষ রহমতের সঙ্গে নফল নামাজ ও অধিক সিজদার সম্পর্ক
রয়েছে।

রাসুলুল্লাহ (সা.)-এর দীর্ঘ সিজদারও প্রমাণ পাওয়া যায়। আম্মাজান আয়েশা (রা.) থেকে বর্ণিত,
আল্লাহর রাসুল (সা.) ১১ রাকাত নামাজ আদায় করতেন। এ ছিল তাঁর রাত্রিকালীন নামাজ। এতে
তিনি এমন দীর্ঘ সিজদা করতেন যে, তাঁর মাথা ওঠাবার আগে তোমাদের কেউ ৫০ আয়াত পড়তে পারে
এবং ফজরের সালাতের আগে তিনি আরো দুই রাকাত পড়তেন। অতঃপর তিনি ডান কাতে শুয়ে বিশ্রাম
করতেন সালাতের জন্য মুয়াজ্জিনের আসা পর্যন্ত। (বুখারি, হাদিস : ৯৯৪)

সিজদা এমন ফজিলতপূর্ণ একটি ইবাদত যে পরকালে সিজদার চিহ্নের কারণে মানুষ নাজাত পেয়ে 
যাবে। রাসুলুল্লাহ (সা.)-এর দীর্ঘ এক হাদিসে এসেছে, পরকালে মহান আল্লাহ তাঁর প্রবল 
রহমতের কারণে কিছু বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চাইবেন, তাই তিনি ফেরেশতাদের
নির্দেশ দেবেন, তাঁরা যেন দুনিয়াতে ইবাদত করত, এমন লোকদের জাহান্নাম থেকে বের করে নিয়ে
আসেন। তখন ফেরেশতারা জাহান্নামিদের মধ্যে সেই ইবাদতগুজার বান্দাদের সিজদার চিহ্ন দেখে
চিহ্নিত করবেন। কারণ মহান আল্লাহ জাহান্নামের আগুনের জন্য সিজদার চিহ্ন গ্রাস করা নিষিদ্ধ
করবেন। (বুখারি, হাদিস ৮০৬)

সুবহানাল্লাহ! সুতরাং আমাদের উচিত সিজদায় যত্নবান হওয়া। জীবনের প্রয়োজন ও আখিরাতের 
মুক্তির আশায় মহান আল্লাহর কাছে সিজদার মাধ্যমে সাহায্য চাওয়া। সিজদার প্রকৃত সৌন্দর্য
শুধু দীর্ঘ সময় মাটিতে মাথা রাখা নয়; বরং অন্তরে বিনয়, আল্লাহর প্রতি ভালোবাসা, ভয় 
ও একনিষ্ঠতা নিয়ে তাঁর সামনে অবনত হওয়া। ফরজ নামাজের সিজদায় ইমামের অনুসরণ ও জামাতের
শৃঙ্খলা বজায় রাখতে হবে। নফল নামাজে সামর্থ্য অনুযায়ী সিজদা দীর্ঘ করা যায়। মহান আল্লাহ
আমাদের সবাইকে তাঁর নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। আমিন।
