# সারাদেশে বিক্ষোভের ডাক জামায়াত জোটের

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%9c/
- Published: ২০২৬-০৪-০৮T১৩:৫৪:৪১+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আগামীকাল
বৃহস্পতিবার আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এদিন শুরু 
হবে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ। আগামী শনিবার দেশের সব মহানগরে এবং পরের 
দিন সব জেলায় বিক্ষোভ সমাবেশ হবে। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে
নাগরিক সমাজকে নিয়ে হবে জাতীয় সেমিনার।

গতকাল মঙ্গলবার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকের
পর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। অভিযোগ করা হয়, বিএনপি গণভোটের ফল প্রত্যাখান
করে জুলাই সনদের সঙ্গে ছলচাতুরী করছে।

এ সময় জোটের নেতা মামুনুল হক বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।
বিন্তু সরকার মানুষের ম্যান্ডেটকে শুধু উপেক্ষা নয়, উপহাস করে সংসদের ভেতরে ও বাইরে
অপমানজনক বক্তব্য দিচ্ছে। অথচ প্রত্যাশ্যা ছিল, জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে
অন্তত সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য থাকবে।

তিনি বলেন, আবার ভিন্নরূপে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাই সরকার। ফ্যাসিবাদের প্রত্যাবর্তন
আমরা আবার যে কোনো মূল্যে রুখে দেব।  গণভোটে অনুমোদিত জুলাই সনদ আদেশ অনুযায়ী সংবিধান
সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি করে মামুনুল হক বলেছেন, সরকার গণভোটের রায়কে
উপেক্ষা করে একদলীয় শাসনব্যবস্থার দিকে যাচ্ছে।

জামায়াত নেতা গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের স্বাক্ষরকারী বিএনপি জাতিকে বিস্মিত করে
সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করছে না। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার পর  সংবিধান সংস্কার 
পরিষদ গঠন করছে না। তারা এখন নোট অব ডিসেন্টের কথা বলছে। কিন্তু গণভোটে চার কোটি ৮২
লাখ ভোটার হ্যাঁ ভোট দিয়ে তাদের নোট অব ডিসেন্ট খারিজ করে দিয়েছে। সংবিধান মানলে জনগণের
এই অভিপ্রায়ই সর্বোচ্চ আইন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের প্রতি ইঙ্গিত করে গোলাম পরওয়ার বলেছেন,  একজন ব্যক্তিই
শুধু সংবিধান সম্পর্কে তাঁর ইচ্ছামতো ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। দেশে আইনজ্ঞ,
সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে খণ্ডন করেছেন। গোলাম পরওয়ার আরও বলেন,
যে সংকট সংসদে সমাধান করা সম্ভব, সরকার তা রাজপথে ঠেলে দিতে চাইলে বিরোধী দলের আর পথ
থাকবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, খেলাফত
মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান
ফুয়াদসহ অন্যান্যরা।
