# সায়েন্সল্যাব অবরোধে অচল ধানমন্ডি–নিউমার্কেট, তীব্র যানজট

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%85%e0%a6%9a%e0%a6%b2/
- Published: ২০২৬-০৭-১৪T১২:৪৭:৪২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:
 শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে
শিক্ষার্থীদের সড়ক অবরোধে ধানমন্ডি–নিউমার্কেট এলাকার যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার পর শুরু হওয়া এ কর্মসূচিতে ধানমন্ডি থেকে নিউমার্কেট
এবং নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী—দুই দিকের সড়কই বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায়
তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

সায়েন্সল্যাব মোড়ে কয়েকশ শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সড়কের ওপর বসে
ও দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখে বারবার শোনা
যায়, ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’। পাশাপাশি ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ 
এবং ‘কে বলেছে কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী’—এ ধরনের স্লোগানও দেয়।

অবরোধের কারণে ধানমন্ডি ও নিউমার্কেটের মধ্যকার গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল পুরোপুরি
বন্ধ হয়ে যায়। দীর্ঘ সারিতে আটকে থাকতে দেখা যায় বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত 
অটোরিকশা ও মোটরসাইকেল। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা
হতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা
নেওয়ার সিদ্ধান্তে সারা দেশের পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে তারা আন্দোলনে
নেমেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বিক্ষোভ চলাকালে ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সড়ক ছেড়ে ক্যাম্পাসে
ফিরে যাওয়ার আহ্বান জানান। এ সময় কিছু শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকদের কথাকাটাকাটি হলে
সেখানে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে অন্য শিক্ষক ও উপস্থিত ব্যক্তিরা পরিস্থিতি 
শান্ত করার চেষ্টা করেন।

এদিকে অবরোধকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর সদস্যদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে দেখা যায়। তবে এখন পর্যন্ত বড়
ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি।
