# সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%a0%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%8b/
- Published: ২০২৬-০৯-১০T১৩:৩৫:০৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ ঢাকা:

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার
ব্যবহার, বুলিং ও সামাজিক অবক্ষয় রোধে একটি যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়ন 
করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, সাইবার জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে,
সেখান থেকে দেশের জনগণকে সুরক্ষা দিতে সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন রয়েছে। তবে সেই
আইন হতে হবে যুগোপযোগী এবং মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার উপযোগী।

বৃহস্পতিবার সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভার শুরুতে
তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির মূল লক্ষ্য হচ্ছে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে একটি সঠিক ও কার্যকর সাইবার
সুরক্ষা আইন প্রণয়ন করা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দেশের মানুষকে সাইবার জগতের ক্ষতিকর কর্মকাণ্ড
থেকে সুরক্ষা দিতে চায়। এ লক্ষ্যেই সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি
যুগোপযোগী সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা হবে।
