# সহজ শর্তে ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে লাগবে না জামানত

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/
- Published: ২০২৬-১১-১৪T১২:৩৫:২২+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে ব্যাংকঋণ পাওয়া কঠিন হয়ে পড়ে স্বল্প আয়ের মানুষ
ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য। এবার তাদের ঋণের আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃ
অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় রিকশাচালক, চা-বিক্রেতা,
রাজমিস্ত্রি, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সর্বোচ্চ
১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন।

এ ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত
দিতে হবে না। ব্যক্তিপর্যায়ে ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর। আর দলগতভাবে সর্বোচ্চ
৪০ লাখ টাকা ঋণ নেওয়ার সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন
জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের
কাছে পাঠানো নির্দেশনায় ঋণের যোগ্যতা, পরিমাণ, সুদের হার, জামানত ও বিতরণপ্রক্রিয়া 
উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য হলো, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কাজে যুক্ত
করা এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। এ কর্মসূচিতে নারী উদ্যোক্তা, স্বল্প আয়ের
পেশাজীবী, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অগ্রাধিকার
দেওয়া হবে। প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও এ ঋণ সুবিধা পাবেন। তহবিলের 
মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে।

পাড়া, মহল্লা ও গ্রামভিত্তিক অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তারা এ ঋণের জন্য বিবেচিত
হবেন। পেশাজীবীদের মধ্যে জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি,
রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার রয়েছেন। এ
ছাড়া ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, আচার-পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র 
তাঁতি ও চা-শ্রমিকেরাও ঋণ পাবেন।

ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি ও মনিহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল
রিচার্জ ও মোবাইল আর্থিক সেবার এজেন্ট, ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা,
চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতারা এ সুবিধার 
আওতায় থাকবেন। হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও ঋণের জন্য আবেদন করতে পারবেন।

ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প
ও খাবার তৈরির মতো আয়বর্ধক কাজেও এ ঋণ নেওয়া যাবে। সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগ এবং 
আয়বর্ধক কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদেরও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন।
এ ক্ষেত্রে তাদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে স্মার্ট কার্ড না থাকলেও প্রান্তিক
ও ভূমিহীন কৃষকেরা যাতে ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে 
বলা হয়েছে।

নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও 
করোনার মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার
পাবেন। উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর
জনগোষ্ঠীর সদস্যরাও এ ঋণ নিতে পারবেন।

প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য এবং বিদেশফেরত শ্রমিক ও তাদের পরিবারের
সদস্যদেরও অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি 
ও তৃতীয় লিঙ্গের মানুষ যেকোনো আয়বর্ধক কাজে যুক্ত হওয়ার জন্য এ ঋণ নিতে পারবেন।

**শিক্ষার্থীরাও পাবেন ঋণ**

এ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্যও ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া
শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা
বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। তবে
এ ক্ষেত্রে অভিভাবককে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।

এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী
কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এসব ক্ষেত্রেও অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা প্রয়োজন হবে।

**একক ঋণ ১০ লাখ, দলগত ৪০ লাখ টাকা**

একজন গ্রাহক বা ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। দলগত ঋণের 
ক্ষেত্রে দুই থেকে পাঁচজন মিলে দল গঠন করতে হবে। একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ পাবে।
প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে নিতে পারবেন। দলের সদস্যরা ব্যক্তিগত ও যৌথভাবে
ঋণের দায় বহন করবেন।

ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। এ ধরনের হিসাব না 
থাকলে নতুন করে খুলতে হবে। অনুমোদিত ঋণের অর্থ সরাসরি ওই হিসাবে জমা হবে।

৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত লাগবে না। এর বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের
সম্পর্ক বিবেচনায় যৌক্তিক সহায়ক জামানত চাইতে পারবে ব্যাংক। ২৫ হাজার টাকা বা তার বেশি
ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের
সুবিধা নিতে পারবে। এ জন্য গ্যারান্টি ফি ব্যাংককেই দিতে হবে।
