# সশস্ত্র বাহিনী দিবস আজ

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%b6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%9c/
- Published: ২০২৬-১১-২১T১০:১৭:০৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌ-ঘাঁটি এবং
বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি
শুরু হয়েছে। দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি 
এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরতে কামনায়
এ সময় বিশেষ দোয়া করা হয়।

এ উপলক্ষে গণমাধ্যমে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা
ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটির তাৎপর্য তুলে সংবাদপত্রে
বিশেষ ক্রোড়পত্র বের করা হয়েছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী।

এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও তাদের সঙ্গে
শুভেচ্ছা বিনিময় করবেন সরকারপ্রধান।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা
উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনী প্রধানসহ সামরিক
ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শনিবার বিকাল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, 
সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা 
উপস্থিত থাকবেন।

এছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-
অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ
সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন
সরাসরি সম্প্রচার করবে।
