# সবচেয়ে বড় বিচারক জনগণ, আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান

- Link: https://znews.news/%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%97%e0%a6%a3-%e0%a6%86/
- Published: ২০২৫-১০-০৬T১৫:৩৩:৪৭+০৬:০০
- Author: Z News

জনগণ সমর্থন না করলে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠন টিকে থাকার কোনো কারণ দেখেন
না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগের বিচার
প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তে আমরা
বিশ্বাস করি। জনগণের সিদ্ধান্তের ওপরে আমরা আস্থা রাখতে চাই। এ বিষয়ে সবচেয়ে বড় 
বিচারক আমি মনে করি জনগণ। সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য
করেন তিনি।

তারেক রহমান বলেন, যে আওয়ামী লীগ মানুষ হত্যা করে, মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে
পাচার করে-জনগণ তাদের সমর্থন করতে পারে বলে আমি মনে করি না।

জুলাই গণভুত্থানে যে পরিবারের বাবা, যে পরিবারের ভাই, যে পরিবারের স্বামী ও তার ঘরবাড়ি
ধ্বংস করে দেয়া হয়েছে, হ্যান্ডকাফ পারা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গেছে, 
তা না হলে হ্যান্ডকাফ পারা অবস্থায় জেলের ভেতরে মারা গেছে, সহায় সম্পত্তি ধ্বংস করে
দেয়া হয়েছে- এসব অন্যায়, এসব হত্যা, এসব নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম
দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে বলে জানান তারেক রহমান। বলেন, এটি প্রতিশোধের
কোনো বিষয় নয়। এটি ন্যায়ের কথা। এটি আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হয়। 
কার সম্পর্কে কী মনোভাব সেটি গুরুত্বপূর্ণ নয়।

আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রেক্ষাপটে বিএনপির অবস্থান কী হতে
পারে? এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে
দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের আইন সিদ্ধান্ত নেবে।
